হোম > বিশ্ব > আমেরিকা

তীব্র গরমে যুক্তরাষ্ট্রের অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

আমার দেশ অনলাইন

গরমে ওয়াশিংটন মনুমেন্ট বন্ধের নোটিশ। ছবি: বিবিসি বাংলা

তীব্র দাবদাহের কারণে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রচণ্ড গরমের কারণে নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড থেকে শুরু করে পশ্চিমের কলোরাডো পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে বহু অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া বড় আয়োজনগুলোর মধ্যে ছিল ফিলাডেলফিয়ার 'স্যালুট টু ইনডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড', যা দেশজুড়ে সবচেয়ে বড় অনুষ্ঠানগুলোর একটি হওয়ার কথা ছিল।

প্যারেডের আয়োজক সংস্থা ‘ওয়াওয়া ওয়েলকাম আমেরিকা’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডেলবেনে বিবিসিকে বলেন, এই সিদ্ধান্ত অত্যন্ত কষ্টের। কিন্তু এমন বিপজ্জনক গরমের মধ্যে এত বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দেশের পূর্ব উপকূল ও মধ্য পশ্চিমাঞ্চলে ১৬ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ রেকর্ড মাত্রার তাপমাত্রার মধ্যে দিন কাটিয়েছে। এই তাপপ্রবাহের কারণে সাপ্তাহিক ছুটির নানা আয়োজন ব্যাহত হচ্ছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ উদযাপনের আয়োজন করছেন। বিভিন্ন মাঠে বিশ্বকাপ ফুটবলের একাধিক ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে।

সাধারণত মানুষ বাড়ির আঙিনা বা ছাদে বারবিকিউ, স্থানীয় শোভাযাত্রা ও রাতে আতশবাজির মাধ্যমে এই ছুটি উদযাপন করেন। কিন্তু এবার চিত্র ভিন্ন। রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ দর্শকদের সুরক্ষায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

আয়োজকেরা জানান, আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৫টায় মেলাটি আবার খুলে দেওয়া হয়।

ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, রেকর্ডভাঙা তাপমাত্রার কারণে মেলায় বেশ কয়েকজন তাপজনিত অসুস্থতায় পড়েছেন। অন্তত ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে মেলা প্রাঙ্গণ থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সবার সমস্যাই তাপজনিত ছিল কি-না, তা বিস্তারিত জানানো হয়নি।

বিভাগটির এক মুখপাত্র বলেন, এটি খুবই ব্যস্ত একটি সাপ্তাহিক ছুটি হতে যাচ্ছে। ন্যাশনাল মলের ভেতরে ও আশপাশে তাপজনিত অসুস্থতার ঘটনা ঘটবে। তাই বাসিন্দা ও দর্শনার্থীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।

মেলায় উপস্থিত দর্শনার্থী রবিন আরদিতো জানান, তিনি একজন মধ্যবয়সি নারীকে দেখেছেন, যিনি সম্ভবত তাপজনিত অসুস্থতায় ভুগছিলেন। মেলার কর্মীরা তার দুই হাত বরফভর্তি বালতিতে ডুবিয়ে রেখে প্রাথমিক সেবা দিচ্ছিলেন।

রবিন বলেন, এত গরমের মধ্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা ঠিক হয়নি।

গরমের প্রভাব পড়েছে ওয়াশিংটন ডিসির আরেকটি অনুষ্ঠানেও। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ খোলা আকাশের নিচের 'অ্যা ক্যাপিটল ফোর্থ' কনসার্টে জনসাধারণের প্রবেশের সময় পিছিয়ে দিয়েছে। স্থানীয় সময় বিকেল ৩টার পরিবর্তে তা সন্ধ্যা ৭টা করা হয়।

প্রবল গরমের পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবারের ৪ জুলাই উদযাপনে খোলা আকাশের নিচে ভাষণ দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, অনুষ্ঠানটি বাইরে হোক-এটাই তিনি চেয়েছিলেন।

ট্রাম্প আরো বলেন, ‘আমি সবকিছু করতে পারি এটা দেখানোর জন্য খুব দীর্ঘ একটি ভাষণ দেব।’

আবহাওয়াবিদদের মতে, এই তীব্র তাপপ্রবাহ পুরো সাপ্তাহিক ছুটির সময় জুড়েই অব্যাহত থাকবে। চলতি বছরে তাপমাত্রা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা কিছু এলাকায় কয়েক দশকের মধ্যে দেখা যায়নি। এর আগে ইউরোপজুড়েও গ্রীষ্মের শুরুতে নজিরবিহীন তাপপ্রবাহ দেখা গেছে এবং সেখানে রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

উত্তর আমেরিকায় তীব্র গরম ও উচ্চ আর্দ্রতা অস্বাভাবিক নয়। তবে এবারের দাবদাহের বিশেষ বৈশিষ্ট্য হলো এর ব্যাপক বিস্তৃতি। এটি যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সপ্তাহান্তে পুরো পূর্বাঞ্চলে প্রভাব বিস্তার করবে, যা একে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস এর পূর্বাভাস অনুযায়ী, ফিলাডেলফিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং ওয়াশিংটন ডিসিতে ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে সেখানে অনুভূত তাপমাত্রা যথাক্রমে ১১২ ডিগ্রি এবং ১১১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে, যা শহরগুলোর সর্বকালের রেকর্ডের কাছাকাছি।

গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে, যা ২০১২ সালের পর শহরটির সবচেয়ে উষ্ণ দিন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, ‘এটা অত্যন্ত বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতি।’

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। তবে পূর্বাঞ্চলে এখনো অত্যন্ত গরম অব্যাহত থাকবে, যা বাইরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।

আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো উত্তরাঞ্চলের সমভূমি, মিডওয়েস্ট এবং গ্রেট লেকস অঞ্চলে আঘাত হানতে পারে এমন তীব্র বজ্রঝড়। এসব ঝড়ের মাধ্যমে তাপপ্রবাহের নাটকীয় সমাপ্তি ঘটতে পারে। তবে এর সঙ্গে থাকবে বড় আকারের শিলাবৃষ্টি, বিধ্বংসী ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা এবং কয়েকটি টর্নেডো হওয়ার আশঙ্কা।

রোববার থেকে ভার্জিনিয়া, ক্যারোলাইনা অঙ্গরাজ্যগুলো এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপপ্রবাহ আরো তীব্র হবে। এরপর আগামী সপ্তাহে এই তাপপ্রবাহ যুক্তরাষ্ট্র ও কানাডার পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়বে। কানাডার দক্ষিণ অন্টারিওসহ বেশ কয়েকটি এলাকায় চলতি সপ্তাহেই তাপমাত্রা মাঝামাঝি ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ এখন আগের তুলনায় আরো ঘন ঘন, আরো তীব্র এবং আরো দীর্ঘস্থায়ী হচ্ছে। শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিশ্বজুড়ে সরকারগুলো কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে না পারলে বৈশ্বিক তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে থাকবে।

সূত্র: বিবিসি বাংলা

এএম

জেন-জি প্রজন্ম অলস ও ‘লিবারেল’ আদর্শে আচ্ছন্ন: ক্যারোলিন লেভিট

যেসব অঞ্চল কিনে বর্তমান মানচিত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছাড়ছে হাজার হাজার মানুষ

মিশিগান সিনেট নির্বাচনে আল সাইয়েদকে সমর্থন দিলেন ওকাসিও কর্তেজ

ইসরাইলের সমালোচনাই এখন মার্কিন রাজনীতিতে সাফল্যের রেসিপি

গুগলকে দিতে হবে ৪.১ বিলিয়ন ইউরো জরিমানা

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর একাধিক রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা

ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

ধ্বংসস্তূপের নিচে ৪৮ ঘণ্টা কাটিয়েও আশা হারাননি তরুণী