হোম > বিশ্ব > আমেরিকা

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট প্রকাশ করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: ট্রুথ সোশ্যাল/ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবিসংবলিত একটি বিশেষ স্মারক পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই সীমিত সংস্করণের পাসপোর্টের নমুনা প্রকাশ করেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যা বলছে—‘স্বাগত, তবে ভালো হয়ে থাকুন!’

তার শেয়ার করা পাসপোর্টের নমুনার এক পৃষ্ঠায় দেখা যায়, ব্যাকগ্রাউন্ড বা পটভূমিতে স্বাধীনতার মূল ঘোষণার বাণী এবং রেজোলিউট ডেস্কের ওপর ট্রাম্পের একটি ছবি রয়েছে। পৃষ্ঠার নিচে তার স্বাক্ষরও রয়েছে। এর বিপরীত পৃষ্ঠায় জন ট্রাম্বুলের আঁকা বিখ্যাত ‘দ্য ডিক্লারেশন অব ইনডিপেন্ডেন্স’ বা স্বাধীনতা ঘোষণার চিত্রকর্মের ছবি দেওয়া হয়েছে।

নতুন এই পাসপোর্টে ট্রাম্পের যে ছবিটি ব্যবহার করা হয়েছে, তা ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে থাকা রাষ্ট্রপতির প্রতিকৃতির ওপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে। এটি চলতি বছরের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত নকশার চেয়ে আলাদা, কারণ আগের নকশায় প্রেসিডেন্টের ভিন্ন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। পরে গতকাল শুক্রবার হোয়াইট হাউসের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও একই নকশার ছবি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা ছিল, ‘আমেরিকার ২৫০তম বার্ষিকী স্মরণে নতুন ইউএস পাসপোর্ট’।

এই সর্বশেষ ছবিই স্মারক পাসপোর্টের অফিশিয়াল বা চূড়ান্ত নকশা কি না, তা জানতে চাইলে হোয়াইট হাউস বিষয়টি পররাষ্ট্র দপ্তরের দিকে ঠেলে দেয়।

ছবি: ট্রুথ সোশ্যাল/ট্রাম্প

সিএনএন এ বিষয়ে মন্তব্যের জন্য পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে।

চলতি বছরের এপ্রিল মাসে দেশের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রথম এই সীমিত সংস্করণের ভ্রমণ নথির কথা ঘোষণা করা হয়েছিল। তখন এটিকে ‘আমেরিকার ২৫০তম বার্ষিকীর ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে একটি সীমিত সংস্করণের ইউএস পাসপোর্ট’ হিসেবে অভিহিত করা হয়। এর সামনে, পেছনে এবং ভেতরের কভারে কাস্টম আর্টওয়ার্ক ও উন্নত ছবি থাকবে বলে জানানো হয়েছিল।

ওই সময় সিএনএনকে এক কর্মকর্তা জানিয়েছিলেন, যারা ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সরাসরি গিয়ে পাসপোর্ট নবায়ন করবেন, এটি মূলত তাদের জন্যই ডিফল্ট বা নির্ধারিত পাসপোর্ট হিসেবে দেওয়া হবে। তবে অনলাইন বা অন্যান্য লোকেশন বা স্থান থেকে পাসপোর্ট করলে আগের বিদ্যমান নকশাই বহাল থাকবে।

বর্তমানে প্রচলিত মার্কিন পাসপোর্টের ভেতরের প্রথম কভারে পার্সি মোরানের একটি চিত্রকর্মের ছবি রয়েছে। এটি ফোর্ট ম্যাকহেনরিতে বোমাবর্ষণের পরদিন সকালে ফ্রান্সিস স্কট কি-র আঁকা ছবি, যা পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল। এই পাসপোর্টের ভেতরের প্রথম কভারে মার্কিন জাতীয় সংগীতের কিছু লাইনও মুদ্রিত রয়েছে।

সূত্র: সিএনএন

এএম

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

ব্রাজিলের নির্বাচনে লুলার জয় মেনে নিল বলসোনারোর দল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থের খেলা, ইলন মাস্ক ছাড়াও শীর্ষে আছেন যারা

ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার হিসাব হবে ৩ নভেম্বর

লুলার জয় মানতে পারছেন না ট্রাম্প, নির্বাচনকে বললেন কারচুপিপূর্ণ

মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ, বললেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

ইসরাইলি পতাকা পায়ে পিষলেন কলম্বীয় র‌্যাপার, দিলেন ‘মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান

সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিলেন ট্রাম্প

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থীর নাম বললেন ট্রাম্প