হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের অভিবাসন অভিযানে বিচ্ছিন্ন লক্ষাধিক পরিবার

ক্ষতিগ্রস্ত হাজারো মার্কিন শিশু

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসনবিরোধী অভিযানে এক লাখেরও বেশি শিশু তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে নতুন এক বিশ্লেষণে উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব শিশুর প্রায় ৭৫ শতাংশই মার্কিন নাগরিক।

প্রতিবেদন অনুযায়ী, অভিবাসন অভিযান ও আটক কার্যক্রমের ফলে প্রায় ২ লাখ ৫ হাজার শিশু কোনো না কোনোভাবে বাবা-মায়ের বিচ্ছেদের শিকার হয়েছে। এর মধ্যে আনুমানিক ১ লাখ ৪৫ হাজার শিশু যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নাগরিক। গবেষকদের দাবি, সরকারি পরিসংখ্যান প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম, কারণ আটক ব্যক্তিদের সন্তান সম্পর্কে সবসময় তথ্য নেওয়া হয় না কিংবা অনেকে ভয়ে তথ্য গোপন করেন।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ২০১৮ সালের জিরো টলারেন্স নীতিকেও ছাড়িয়ে গেছে। ওই সময়ে দক্ষিণ সীমান্তে প্রবেশের পর প্রায় ৫ হাজার ৫০০ শিশুকে তাদের বাবা-মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছিল।

এক মায়ের দীর্ঘ বিচ্ছেদের গল্প

টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে আটক থাকা অরদোনেজ নামের এক অভিবাসী মা জানান, গত বছরের জুলাইয়ে সান আন্তোনিওর একটি সি-ফুড স্টোরে কাজ করার সময় তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি তার যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দুই বছরের ছেলে আলোনজোর কাছ থেকে বিচ্ছিন্ন। অরদোনেজ বলেন, সে এখন হাঁটতে ও কথা বলতে পারে। তার জীবনের অনেক কিছুই আমি হারিয়েছি।

বর্তমানে শিশুটি এক পরিচিত ব্যক্তির কাছে রয়েছে। অরদোনেজের অভিযোগ, তাকে ছেলের সঙ্গে পারিবারিক ডিটেনশন সেন্টারে থাকার সুযোগও দেওয়া হয়নি, কারণ মার্কিন নাগরিক শিশুদের অভিবাসন আটক কেন্দ্রে রাখা যায় না।

সরকারি তথ্য নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, আটক অভিভাবকদের সামনে দুটি বিকল্প থাকে সন্তানকে সঙ্গে নিয়ে দেশত্যাগ করা অথবা কাউকে দায়িত্ব দিয়ে যাওয়া। তবে গবেষকদের মতে, বাস্তবে অধিকাংশ শিশু বন্ধু, প্রতিবেশী বা আত্মীয়দের কাছে অনিশ্চিত পরিস্থিতিতে বড় হচ্ছে।

তারা ওয়াটসন নামে একজন বলেন, যেভাবেই হিসাব করা হোক না কেন, প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে কয়েক হাজার নয়, কয়েক লাখ শিশু তাদের বাবা-মায়ের আটক হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এর বেশিরভাগই মার্কিন নাগরিক শিশু।

গবেষকরা আরো জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৩০ লাখ অভিবাসী বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন। এদের মধ্যে অনেকে অবৈধভাবে বসবাস করছেন, আবার কারো অস্থায়ী বৈধতা রয়েছে। পাঁচ মিলিয়নের বেশি শিশু অন্তত একজন অননুমোদিত অভিভাবকের সঙ্গে বসবাস করে, যার মধ্যে ৪০ লাখের বেশি মার্কিন নাগরিক।

শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

শিশু কল্যাণ বিশেষজ্ঞদের মতে, খুব কম শিশুই ফস্টার কেয়ারে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দায়িত্ব নেন আত্মীয়স্বজন বা পরিচিতজন, যাদের অনেকেরই আইনগত কর্তৃত্ব বা আর্থিক সক্ষমতা নেই।

মারিয়া ক্যানসিয়ান বলেন, সরকার যদি শুধু কাগজপত্র না থাকার কারণে ভালো বাবা-মাকে সন্তানদের কাছ থেকে আলাদা করে, তাহলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের।

অভিবাসী পরিবারগুলোর সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থা বলছে, আটক হওয়ার আশঙ্কায় এখন অনেক পরিবার আগেভাগেই সন্তানের অভিভাবক নির্ধারণের পরিকল্পনা করছে। তবে বাস্তবে বহু শিশু অনিশ্চয়তা, মানসিক চাপ ও আর্থিক সংকটের মধ্যে পড়ছে।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক অলাভজনক সংস্থা পাবলিক কাউন্সিল জানিয়েছে, গত এক বছরে তারা ৪ হাজারের বেশি অভিবাসীকে সন্তানের হেফাজত পরিকল্পনা বিষয়ে সহায়তা দিয়েছে। তবুও প্রতিদিনই স্কুল, গির্জা ও স্থানীয় সংগঠনগুলোর কাছ থেকে আটক অভিভাবকদের শিশুদের জন্য সহায়তার আবেদন আসছে।

‘এটি আমার মার্কিন সন্তানের ক্ষতি’

তিন বছর বয়সী মার্কিন নাগরিক সামান্থা লোপেজের মাকেও সম্প্রতি ট্রাফিক স্টপের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সামান্থার বাবা, যিনি নিরাপত্তার কারণে নিজের পুরো নাম প্রকাশ করতে চাননি, বলেন, ‘আমার মেয়ে যখন তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে, তখন কান্না শুরু করে। এটি আমার মার্কিন সন্তানের ক্ষতি।’

তিনি জানান, স্ত্রীকে মুক্ত করতে আইনজীবীর খরচ জোগাতে তাকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে, পাশাপাশি মেয়ের দেখাশোনাও করতে হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অভিবাসনবিরোধী অভিযান আরো জোরদার হলে বিচ্ছিন্ন পরিবারের সংখ্যা দ্রুত বাড়তে পারে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে হাজারো শিশুর মানসিক ও সামাজিক জীবনে।

সূত্র: সিএনএন

এআরবি

গ্রিনল্যান্ডে বিশেষ দূত পাঠালেন ট্রাম্প

মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

‘সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হলো মাদুরোর ঘনিষ্ঠ সহযোগীকে

ইরান যুদ্ধ ঘিরে ‘তীব্র’ রাজনৈতিক চাপে ট্রাম্প, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, ট্রাম্পের হুমকি

ইরান ইস্যুতে চীন থেকে খালি হাতে ফিরলো যুক্তরাষ্ট্র, চাপে ট্রাম্প প্রশাসন

মার্কিন গ্যাস স্টেশনে ট্যাঙ্ক রিডার হ্যাক, ইরানকে দায়ী করছেন কর্মকর্তারা

কানাডার বিমানবন্দরে মাংস ও শাকসবজি নিয়ে ৩ বাংলাদেশি আটক

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরানকে আশ্বস্ত করতে চায় ফিফা