আমেরিকা স্বর্ণযুগে প্রবেশ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন।
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে দেওয়া ওই ভাষণে নিজের শাসনামলের নানা অর্জন তুলে ধরে তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র তার স্বর্ণযুগে প্রবেশ করেছে।
ভাষণে ট্রাম্প বলেন, ‘এটি কেবল আমেরিকার স্বর্ণযুগের ভোর, যার নিয়তি লিখে দিয়েছেন ঈশ্বর।’
পূর্বনির্ধারিত এই ভাষণ শোনার জন্য অসংখ্য মার্কিন নাগরিক সভাস্থলে একত্রিত হন। বৈরী আবহাওয়ার মধ্যেই তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বিদ্যুৎ চমকানির মধ্যেই ট্রাম্প ন্যাশনাল মলে এসে পৌঁছালে হাজার হাজার মানুষ তাকে হাততালি দিয়ে স্বাগত জানান।
প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প তার শাসনামলের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। এর মধ্যে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ভোট দেওয়ার জন্য নাগরিকত্ব ও পরিচয়পত্রের প্রমাণ বাধ্যতামূলক করে আইনটি পাস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
সেই সঙ্গে তিনি জানান, অসুস্থতা, সামরিক মোতায়েন বা অন্যান্য ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া ডাকযোগে ভোটের ব্যালট পাঠানো নিষিদ্ধ করবে তার সরকার।
ভাষণে বারবার ‘সাম্যবাদের প্রেতাত্মা’ শব্দটি উচ্চারণ করেন ট্রাম্প। সাম্যবাদকে ক্যানসারের সঙ্গে তুলনা করে তিনি মন্তব্য করেন, এটা ‘অবশ্যই ছেঁটে ফেলতে হবে’।
অনুষ্ঠানে ট্রাম্প ‘আর্টেমিস ২’-এর ক্রুদের মঞ্চে হাজির করেন এবং তাদের হাতে বিশেষ পতাকা তুলে দেন।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান ট্রাম্প। এরপর ‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন’ বলে তিনি ভাষণ শেষ করেন।
অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়।
সূত্র: বিবিসি বাংলা