হোম > বিশ্ব > আমেরিকা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক, তদন্তের দাবি

আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেটি জাকারাইয়া। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি আইনজীবী হিসেবে কাজ করার দাবি করলেও যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে তার আইন পেশার লাইসেন্স থাকার তথ্য পাওয়া যায়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এ অবস্থায় বুধবার ক্যালিফোর্নিয়ার আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থার কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে একটি জনজবাবদিহি বিষয়ক অলাভজনক সংগঠন।

সংগঠনটির অভিযোগ, জাকারিয়া বারবার নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে নিজের পেশাগত সুনাম ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তবে তার এই পরিচয়ের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

ওয়াশিংটনভিত্তিক সংগঠন ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটির প্রধান মিশেল কুপারস্মিথ এক বিবৃতিতে বলেন, ‘টেলিভিশনে আইনবিষয়ক ভাষ্যকার হিসেবে এবং এখন হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে নিজের সুনাম ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে মিস জাকারিয়া বারবার নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। অথচ মনে হচ্ছে, সবটাই ছিল মিথ্যা।’

সংগঠনটি ক্যালিফোর্নিয়ার আইনজীবীদের লাইসেন্স প্রদান ও পেশাগত কার্যক্রম তদারককারী সংস্থার কাছে অভিযোগটি জমা দিয়েছে। কুপারস্মিথ বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় লাইসেন্স ছাড়া নিজেকে আইনজীবী বলা নিছক বাড়িয়ে বলা নয়; এটি অপরাধ।’ জাকারিয়া তার যোগ্যতা সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছেন কি না, তা তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জাকারিয়া ফক্স নিউজ ও নিউজম্যাক্সে নিয়মিত আইনবিষয়ক ভাষ্য দিয়েছেন। মঙ্গলবার থেকে তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

দায়িত্ব নেওয়ার দিন সংবাদ ব্রিফিংয়ে তাকে কিছুটা অপ্রস্তুত দেখাচ্ছিল। কথা বলার সময় কয়েকবার থেমে যেতে হয় এবং কখনো কখনো একই কথা আবার বলতে হয়। ব্রিফিংটি ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয়। এ সময়ের বেশির ভাগ অংশে তিনি ট্রাম্পকে এই দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং লিখিত বক্তব্য পড়ে শোনান।

জাকারিয়া বলেন, ‘আমি অনেক দিন ধরেই তার (ট্রাম্পের) জন্য কাজ করতে চেয়েছি।’

পরে হোয়াইট হাউসের বাইরে ট্রাম্পের সঙ্গে সাংবাদিকদের সামনে আসেন তিনি। এ সময় সাংবাদিকেরা জানতে চান, তিনি কোথায় আইনজীবীদের পেশাগত যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দিয়েছেন। জবাবে জাকারিয়া বলেন, ‘আমি যখন চীনে গিয়েছিলাম।’

তার এই বক্তব্য বেইজিংয়ে একটি আইন প্রতিষ্ঠানে তিন বছর কাজ করার দাবির প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পপন্থি নারীদের সংগঠন ট্রাম্পেটস ইউএসএ ইনকরপোরেটেডের ওয়েবসাইটে প্রকাশিত জাকারিয়ার জীবনীতে বলা হয়েছে, বেইজিংয়ে অবস্থানকালে তিনি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থায়ন সংস্থার বহিরাগত আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

অন্যদিকে, জাকারিয়ার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১১ সালে পেপারডাইন কারুসো স্কুল অব ল থেকে ডিগ্রি নেন। একই প্রোফাইলে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বেইজিংয়ের ঝং লুন আইন প্রতিষ্ঠানে সহযোগী হিসেবে কাজ করেছেন। পরে ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ভোটাধিকারবিষয়ক সংগঠন ফিক্স ক্যালিফোর্নিয়ার প্রধান আইন কর্মকর্তা ছিলেন। সংগঠনটি ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা প্রতিষ্ঠা করেন।

জাকারিয়ার ইনস্টাগ্রাম পরিচিতিতেও নিজেকে ‘স্ত্রী, মা ও আইনজীবী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে চীনে আইনজীবীদের পেশাগত যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দেওয়ার দাবি নিয়েই তার পরিচয় নিয়ে প্রশ্ন আরো জোরালো হয়েছে। চীনে এ পরীক্ষার সমতুল্য হিসেবে পরিচিত জাতীয় সমন্বিত আইন পেশাগত যোগ্যতা পরীক্ষা অত্যন্ত কঠিন। এতে অংশ নেওয়ার সুযোগ কেবল চীনা নাগরিকদের রয়েছে।

বিশেষ কিছু ক্ষেত্রে চীন বিদেশিদেরও আইন পেশায় কাজের অনুমতি দিয়েছে। তবে এ জন্য নিজ দেশে কয়েক বছর কাজের অভিজ্ঞতাসহ নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। জাকারিয়ার ক্ষেত্রে এমনটি ঘটেছে বলে মনে হচ্ছে না।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যেই তাকে আইনজীবী হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হিসেবে পাওয়া যায়নি।

এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে জাকারিয়া বলেন, ‘আমি আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইন চর্চা করি এবং এ জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা ও সনদ আমার রয়েছে।’

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর জাকারিয়া কয়েক মাস যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন। জুন থেকে তিনি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। প্রতিষ্ঠানটি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের মালিক।

এএম

গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান

তিন দেশের ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল সামাজিক মাধ্যম এক্স

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, এক মার্কিন তরুণ গ্রেপ্তার

তরুণদের ক্ষতি করছে চ্যাটজিপিটি, যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যে মামলা

তথ্য ফাঁসকারীদের গুলি করে মারা উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩.৭ শতাংশ, নির্বাচনের আগে চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নির্দেশে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ