হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মামলা

আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটি (ডিএনসি)। সরকারি অর্থে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনগুলোতে ট্রাম্পের রাজনৈতিক নীতির প্রচার করা হয়েছে—এমন অভিযোগে বুধবার মামলাটি করা হয়।

ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বদানকারী সংস্থাটির প্রধান কেন মার্টিন অভিযোগ করেছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা বাড়াতেই বিজ্ঞাপনগুলো তৈরি করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে মার্টিন বলেন, ‘নভেম্বরে রিপাবলিকানদের শেষ মুহূর্তে বাঁচানোর চেষ্টায় ডোনাল্ড ট্রাম্প লাখ লাখ করদাতার অর্থ ব্যবহার করে খাঁটি প্রচারণামূলক বিজ্ঞাপন প্রচার করছেন।’

একই দিন গণতন্ত্রবিষয়ক পর্যবেক্ষক সংগঠন কমন কজও একই বিজ্ঞাপনগুলোর বিরুদ্ধে পৃথক মামলা করেছে। সংগঠনটির অভিযোগ, বিজ্ঞাপনগুলো প্রকাশ্যেই রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি। তাই রাজনৈতিক প্রচারণায় সরকারি অর্থ ব্যবহারে যে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে, তা এসব বিজ্ঞাপনের ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে।

মামলায় কমন কজ বলেছে, ট্রাম্প এসব বিজ্ঞাপনকে জনসেবামূলক ঘোষণা হিসেবে তুলে ধরেছেন। কিন্তু এগুলো কোনো জনসেবামূলক ঘোষণা নয়। এগুলো পুরোপুরি ব্যক্তিগত প্রচার ও রাজনৈতিক প্রচারণা।

দুই মামলাতেই বলা হয়েছে, বিজ্ঞাপন তৈরির জন্য ট্রাম্প হোয়াইট হাউসকে কংগ্রেস বরাদ্দ দেওয়া ২ কোটি ডলার অন্য খাতে ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত স্মরণানুষ্ঠানের জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছিল। দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ব্যক্তিদের স্মরণে এসব কার্যক্রম আয়োজনের কথাও ছিল।

বাদীপক্ষের দাবি, ওই অর্থ বিজ্ঞাপন প্রচারে ব্যবহার করে ট্রাম্প সংবিধানে নির্ধারিত ক্ষমতার বিভাজন লঙ্ঘন করেছেন। কমন কজের মামলায় বলা হয়েছে, দুই শতাব্দীরও বেশি আগে সংবিধানের প্রণেতারা স্পষ্ট করে গিয়েছিলেন যে কংগ্রেস যে উদ্দেশ্যে অর্থ বরাদ্দ করবে, নির্বাহী বিভাগ শুধু সেই উদ্দেশ্যেই তা ব্যয় করতে পারবে।

কংগ্রেসের অর্থ বরাদ্দসংক্রান্ত আইনে করদাতাদের অর্থ ‘প্রচার বা প্রচারণার উদ্দেশ্যে’ ব্যবহার না করার যে বিধান রয়েছে, দুই মামলাতেই তার উল্লেখ করা হয়েছে।

মামলা দুটিতে বিজ্ঞাপনগুলোকে বেআইনি ঘোষণা করার পাশাপাশি এগুলোর পেছনে সরকারি অর্থ ব্যয় বন্ধের দাবি জানানো হয়েছে। ইতোমধ্যে যে অর্থ খরচ হয়েছে, তা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি রয়েছে।

ডেমোক্রেটিক পার্টির মামলা করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে। কমন কজের মামলাটি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে শুনানি হবে।

সেপ্টেম্বর থেকে এসব বিজ্ঞাপন প্রচার শুরু হওয়ার পর থেকেই ট্রাম্পের সমালোচনা হচ্ছে। গণমাধ্যমের বিজ্ঞাপন ব্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাডইমপ্যাক্টের হিসাবে, এখন পর্যন্ত এসব বিজ্ঞাপন প্রচারে ১ কোটি ২০ লাখ ডলারের বেশি খরচ হয়েছে।

ট্রাম্পের বিজ্ঞাপনের জন্য নেওয়া ২ কোটি ডলার ছিল কংগ্রেসের বরাদ্দ করা ১৭ কোটি ৫০ লাখ ডলারের একটি প্যাকেজের অংশ। অভিবাসন নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এই অর্থ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে দেওয়া হয়েছিল।

সমালোচকেরা বলছেন, বিজ্ঞাপনগুলোর একটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পুনর্নির্বাচনী প্রচারের একটি টেলিভিশন বিজ্ঞাপনের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়।

এখন পর্যন্ত তিনটি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। একটি বিজ্ঞাপনে ট্রাম্পের বিভিন্ন ছবি দেখানোর সময় একটি গায়কদল ‘লাভ মি’ গানটি গায়। সেখানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘কখনোই কমিউনিস্ট দেশ হবে না’।

অন্য বিজ্ঞাপনে মাউন্ট রাশমোরের ছবি ব্যবহার করে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন ‘স্বর্ণযুগের’ কথা বলেন।

তৃতীয় বিজ্ঞাপনটির ভাষা ও দৃশ্যপট আরো কঠোর। সাদা-কালো দৃশ্যে ট্রাম্প ক্যামেরার দিকে এগিয়ে আসেন। সেখানে তিনি ‘ডিপ স্টেট’ ও অন্যান্য কথিত প্রতিপক্ষের বিরুদ্ধে ‘চূড়ান্ত লড়াইয়ের’ সতর্কবার্তা দেন।

বুধবার বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা প্রতিষ্ঠান ইপসস প্রকাশিত এক জরিপে দেখা গেছে, বিজ্ঞাপনগুলো নিয়ে মার্কিন জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। জরিপে অংশ নেওয়া ৮৬ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, এসব বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের সরকারি অর্থ ব্যবহার করা অনুচিত হয়েছে। তাঁদের মধ্যে রিপাবলিকানদেরও প্রতি পাঁচজনের চারজন একই মত দিয়েছেন।

ট্রাম্প অবশ্য বিজ্ঞাপনগুলোর পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি এগুলোকে ‘দেশের প্রচার’ হিসেবে উল্লেখ করেছেন। আগের প্রশাসনগুলোর প্রচারমূলক কর্মসূচির সঙ্গেও এসব বিজ্ঞাপনের মিল রয়েছে বলে দাবি করেছেন তিনি।

তবে দুই দলের সমালোচনার মুখে সোমবার ট্রাম্প বলেন, ভবিষ্যতে আর কোনো বিজ্ঞাপনের জন্য করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না। কিন্তু ইতোমধ্যে যে অর্থ খরচ হয়েছে, তা ফেরত দেওয়ার বিষয়ে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি।

ট্রাম্পের নিজের রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্যও বিজ্ঞাপনগুলোর সমালোচনা করেছেন।

উত্তর ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর থম টিলিস বলেন, বিজ্ঞাপনগুলো সাবেক হাঙ্গেরীয় নেতা ভিক্টর অরবানের প্রচার করা কোনো বিজ্ঞাপনের মতো মনে হয়েছে।

অন্যদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলেছেন, একটি বিজ্ঞাপনে যে বার্তা দেওয়া হয়েছে, তিনি তার সঙ্গে একমত। তবে তার বক্তব্য, ‘এর জন্য করদাতাদের অর্থ দেওয়া উচিত নয়।’

এএম

প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার মার্কিন কংগ্রেস প্রার্থী

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার প্রমাণ সংরক্ষণে আদালতের নির্দেশ

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ

ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখে এল-সাইদ

গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত

যুদ্ধজাহাজ নির্মাণে নতুন কারখানা তৈরির ঘোষণা ট্রাম্পের

বিদেশিদের কাছে জমি বিক্রির বিরুদ্ধে আর্জেন্টিনায় বিক্ষোভ

মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড় ও হারিকেনের আশঙ্কা

ইরান যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র, ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার ধ্বংস

ব্যক্তিগত স্বার্থে প্রেসিডেন্টের পদ ব্যবহার করে চাপে ট্রাম্প