যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য ওপেনএআইয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে। আইওয়া, কানসাস ও অ্যারিজোনাসহ আটটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ রাজ্যের আদালতে এসব মামলা করেন। তাদের অভিযোগ, নিজেদের বা অন্যদের ক্ষতি করতে ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছে চ্যাটজিপিটি। এসব ঘটনা সবচেয়ে বেশি ঘটছে শিশু-কিশোরদের ক্ষেত্রে।
এআই চ্যাটবটটির কারণে অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
মামলায় অভিযোগে বলা হয়, ব্যবহারকারীদের আস্থা অর্জন এবং তাদের সঙ্গে দীর্ঘ সময় সম্পৃক্ততা বজায় রাখতে চ্যাটজিপিটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ব্যবহারকারীদের কথায় সম্মতি জানায় এবং তাদের মনোভাবকে সমর্থন করে। এর ফলে চ্যাটবটটি ভ্রান্ত বিশ্বাসকে আরো জোরালো করে, বিপজ্জনক আচরণে উৎসাহ দেয় এবং এমনকি নির্বিচার গুলিবর্ষণের মতো সহিংসতার পরিকল্পনা করতেও সহায়তা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর সমন্বিত পদক্ষেপের মধ্যে এই মামলাগুলোকে এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত জুনে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল এ ধরনের প্রথম মামলা করেন।
মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটির নিরাপত্তা সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে অঙ্গরাজ্যগুলোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে ওপেনএআই । পাশাপাশি, বাসিন্দাদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিপন্ন করার মাধ্যমে প্রতিষ্ঠানটি জনস্বার্থবিরোধী পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও অভিযোগ আনা হয়েছে।
মামলাকারী অঙ্গরাজ্যগুলো আদালতের কাছে এমন আদেশ চেয়েছে, যার মাধ্যমে চ্যাটজিপিটির কার্যপদ্ধতিতে পরিবর্তন আনতে ওপেনএআইকে বাধ্য করা যায়। দাবিগুলোর মধ্যে রয়েছে, মানুষের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে না পারলে নিজেকে উন্নত করতে সক্ষম এআই মডেল তৈরি থেকে প্রতিষ্ঠানটিকে বিরত রাখা।
মামলাকারী অন্য অঙ্গরাজ্যগুলো হলো আরকানসাস, আইডাহো, মন্টানা, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়া। এসব অঙ্গরাজ্য ওপেনএআইয়ের বিরুদ্ধে রাজ্য আইন লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানা এবং ক্ষতিপূরণও দাবি করেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও ওপেনএআইয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
এদিকে, নির্বিচার গুলিবর্ষণসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনায় চ্যাটজিপিটি সহায়তা করেছে—এমন অভিযোগে ব্যক্তিগত পর্যায় থেকেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে।
সূত্র: রয়টার্স
আরএ