বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত করে বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সম্পর্ককে আরো গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে। দুই দেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী ও কার্যকর পর্যায়ে উন্নীত করতে নতুন করে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের সাম্প্রতিক চীন সফরের সময় এ বিষয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বুধবার বেইজিংয়ে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি, বিদ্যমান সহযোগিতার পরিধি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দুই পক্ষই সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের আওতায় চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এবং সম্পর্ককে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারস্পরিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় বাণিজ্য সম্প্রসারণ, চীনা বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো সহযোগিতা এবং টেকসই উন্নয়ন উদ্যোগে যৌথ অংশগ্রহণ। উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এসব ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করতে একমত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামও উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
এআরবি