ফ্রান্সে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা, দোকানপাটে লুটপাট ও হাজারো মানুষ গ্রেপ্তারের ঘটনার পর দেশটিতে ভ্রমণকারীদের সতর্ক করেছে ইউরোপের একাধিক সরকার। নাগরিকদের বড় জমায়েত এড়িয়ে চলা এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইতালি ফ্রান্সে অবস্থানরত নাগরিকদের একটি ওয়েবসাইট বা অ্যাপে নিজেদের উপস্থিতি নিবন্ধনের পরামর্শ দিয়েছে, যাতে প্রয়োজনে তাদের অবস্থান শনাক্ত করা যায়। একই সঙ্গে বড় জমায়েত এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটি।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েক দিনেও নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশটির নাগরিকদের স্থানীয় পুলিশের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। অনুমতি ছাড়া আয়োজিত বিক্ষোভ থেকে সরে যাওয়ার নির্দেশ অমান্য করলে জরিমানা কিংবা ক্ষতিপূরণ দাবির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছে জার্মানি।
চেক সংবাদ সংস্থা সিটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে থাকা চেক নাগরিকদের বিক্ষোভ, মিছিল ও জনসমাবেশ এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ফ্রান্সের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।
পোল্যান্ডের ভ্রমণ নির্দেশনায় বিক্ষোভস্থল এড়িয়ে চলার কথা বলা হয়েছে। তবে ফ্রান্সে ভ্রমণের নিরাপত্তা নিয়ে দেশটির সামগ্রিক নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।
এ ছাড়া নেদারল্যান্ডস গত ৭ অক্টোবর হালনাগাদ করা পরামর্শে ফ্রান্সে ভ্রমণকারীদের বিক্ষোভ এড়িয়ে চলতে বলেছে। একই ধরনের সতর্কতা জারি করেছে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ে। এসব দেশ তাদের নাগরিকদের বিক্ষোভ থেকে দূরে থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।
এমএমআর