হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে নজিরবিহীন সহিংসতায় সংকটে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

আমার দেশ অনলাইন

দক্ষিণ-পূর্ব ফ্রান্সের লিওঁ শহরের প্লেস দে তেরো-তে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করছেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত।

ফ্রান্সে কয়েক বছরের মধ্যে অন্যতম ভয়াবহ সহিংসতার ঘটনায় গভীর সংকটে পড়েছে দেশটির সরকার। শনিবারের বিক্ষোভে সরকারি ভবনে অগ্নিসংযোগ, শত শত দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দেশজুড়ে বিভিন্ন শহর থেকে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রোববার জরুরি বৈঠকে বসেছে সরকার।

সহিংসতা মোকাবিলায় সরকারের প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন ওঠার পর স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের পদত্যাগ দাবি করেছেন বামপন্থি ও কট্টর ডানপন্থি রাজনীতিকেরা। বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। বাসস্টপ ভাঙচুর, সড়কে ব্যারিকেড স্থাপন এবং দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের পদত্যাগ দাবি করেছেন দেশটির বামপন্থি ও কট্টর ডানপন্থি রাজনীতিকেরা। ছবি: সংগৃহীত।

রোববার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী বসন্তে তার ক্ষমতা ছাড়ার কথা রয়েছে। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি নেতা মেরিন লে পেন জনমত জরিপে ভালো অবস্থানে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইমানুয়েল ম্যাক্রো বলেন, ফ্রান্সে সহিংসতার কোনো স্থান নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের বিক্ষোভ মোকাবিলায় পুলিশ ও প্রশাসনকে কয়েক ধরনের পরিস্থিতি সামাল দিতে হয়েছে।

প্রথমত, প্যারিসসহ দেশটির বড় শহরগুলোতে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। শিক্ষার্থীদের জরাজীর্ণ স্কুল সংস্কার এবং আরো শিক্ষক নিয়োগের দাবির প্রতি সংহতি জানাতে এসব কর্মসূচিতে অভিভাবক, শিক্ষক, প্রবীণ ব্যক্তি, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ অংশ নেন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদও ছিল তাদের দাবির মধ্যে। বিক্ষোভকারীরা ব্যানার হাতে সরকারি সেবায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান এবং অভিযোগ করেন, সরকার তাদের কথা শুনছে না।

চার সপ্তাহ ধরে চলা মিছিল ও স্কুলে ব্যারিকেড কর্মসূচির ধারাবাহিকতায় এসব শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ছবি: সংগৃহীত।

তবে এর বাইরে বিভিন্ন গোষ্ঠী বিচ্ছিন্নভাবে জড়ো হয়ে রাস্তায় অগ্নিসংযোগ, ব্যারিকেড স্থাপন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দাঙ্গায় জড়ায়। প্যারিস, বোর্দো, নিস ও মার্সেইসহ বিভিন্ন শহরে এসব ঘটনা ঘটে। এতে পুলিশ ও প্রশাসন অনেক ক্ষেত্রে অপ্রস্তুত হয়ে পড়ে।

এ ছাড়া মুখোশধারী লুটেরারাও রাস্তায় সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দোকানের সামনের কাচ ভেঙে পণ্য লুট করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে ফ্রান্সের সরকারকে একদিকে শিক্ষার্থীদের দাবি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে জনঅসন্তোষ মোকাবিলা করতে হচ্ছে, অন্যদিকে সহিংসতা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জও সামলাতে হচ্ছে।

এমএমআর

যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে গেলে তা হবে ঐতিহাসিক ভুল: জেলেনস্কি

কেন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ক্ষোভের নেপথ্যে যেসব কারণ

ফ্রান্সের ১৪০ শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ রূপ নিল দাঙ্গায়, গ্রেপ্তার দুই হাজার

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার প্রায় ২০০০

কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে আগুন, নিহত অন্তত ৭

ক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স, আহত দেড় শতাধিক পুলিশ, গ্রেপ্তার ১২০০

বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ, ফ্রান্সে ব্যাপক সহিংসতা

বেলজিয়ামে শিক্ষা সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ফ্রান্সজুড়ে আবারো বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ