নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ করেছেন কয়েকশ পুরুষ। গতকাল শনিবার দেশটির পার্লামেন্ট ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে নারীরাও অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পিতৃতন্ত্র হত্যা করে’ এবং ‘চুপ করে থাকাও অপরাধে সহযোগিতার শামিল’।
অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফের তথ্য অনুযায়ী, তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভে প্রায় ২ হাজার ৫০০ মানুষ অংশ নেন। পুলিশ জানিয়েছে, কর্মসূচিতে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশে অধিকারকর্মী মানফ্রেড জাইসবার্গার বলেন, ‘সহিংসতার কোনো অজুহাত হতে পারে না।’
আন্তর্জাতিক পুরুষ সংগঠন হোয়াইট রিবন অস্ট্রিয়ার প্রতিনিধি আন্দ্রেয়াস নেভলাকসিল বলেন, ‘আমরা পুরুষেরা অনেক দিন ধরে নীরব থেকেছি। এই নীরবতার অবসান হওয়া দরকার।’ সংগঠনটি এই বিক্ষোভের ডাক দিয়েছিল।
চলতি বছর অস্ট্রিয়ায় নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পুরুষদের নেতৃত্বে এটি দ্বিতীয় বিক্ষোভ। এর আগে গত মার্চে একই ধরনের কর্মসূচি হয়েছিল।
নারীর প্রতি সহিংসতা বন্ধে ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’ চলছে বিশ্বজুড়ে। তার অংশ হিসেবে ভিয়েনায় কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে। ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসে এ বৈশ্বিক প্রচারাভিযান শুরু হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ৪১ বছর বয়সি গ্রাফিক ডিজাইনার ড্যানিয়েল কোভাচস বলেন, ‘পুরুষেরাই সমস্যার কারণ এবং সমাধানও তাদের হাতেই’—এই বক্তব্যের সঙ্গে তিনি একমত।
সহিংসতা বন্ধে নানা দাবি
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট রিবন অস্ট্রিয়া। সংগঠনটির মতে, বিশেষ করে কিশোর ও পুরুষদের জন্য পরামর্শসেবা পাওয়ার সুযোগ বাড়াতে হবে।
এ ছাড়া অনলাইনে সহিংসতাকে উৎসাহিত করে—এমন কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। এসব কনটেন্ট ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি এবং যে অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে সেগুলো ছড়ানো হয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
অস্ট্রিয়া সরকারের তথ্য অনুযায়ী, দেশটির প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন।
অন্যদিকে অস্ট্রিয়ার স্বায়ত্তশাসিত নারী আশ্রয়কেন্দ্রগুলোর সংগঠনের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ২০ নারী তাদের ঘনিষ্ঠজনের হাতে নিহত হয়েছেন। প্রায় ৯০ লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় ২০১৯ সাল থেকে গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংগঠনটি বছরে গড়ে ২৫টি নারী হত্যার ঘটনা নথিভুক্ত করেছে।
নারী হত্যা ও নারীর প্রতি অন্যান্য সহিংসতা প্রতিরোধে গত বছর পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করে অস্ট্রিয়া সরকার। এতে জনসচেতনতা বাড়ানোর প্রচারসহ বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে।
জাতিসংঘের চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন নারী ও কন্যাশিশু তাঁদের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে নিহত হয়েছেন।
ভিয়েনায় এই বিক্ষোভের দুই সপ্তাহ আগে সুইজারল্যান্ডের রাজধানী বার্নেও একই দাবিতে পুরুষদের নেতৃত্বে মিছিল হয়েছিল।
এএম