হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

ডয়েচে ভেলে

ছবি: সংগৃহীত

জার্মানির প্রায় ৫ হাজার ৭০০ রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রেলস্টেশনে বিশৃঙ্খলা, আবর্জনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কমাতে এ পদক্ষেপ নিয়েছে দেশটির রাষ্ট্রীয় রেল সংস্থা ডয়চে বান।

তবে স্টেশনের ভেতরে থাকা পাব, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে অ্যালকোহল বিক্রি ও পরিবেশন করা যাবে।

নতুন নিয়মে জার্মানির সব রেলস্টেশনের প্ল্যাটফর্মও অ্যালকোহলমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে। ফলে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মদ্যপান করা যাবে না। এতে সমস্যায় পড়তে পারেন ফুটবল ভক্তরা। বিশেষ করে বুন্দেসলিগার ম্যাচ দেখতে দল বেঁধে ট্রেনে যাতায়াতের সময় তাঁদের আর আগের মতো মদ্যপানের সুযোগ থাকবে না।

জার্মানির বিভিন্ন রেলস্টেশনে অ্যালকোহল ঘিরে বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে বেশ কিছুদিন ধরেই এ নিষেধাজ্ঞার আলোচনা চলছিল। সাম্প্রতিক দুটি ঘটনায় সেই দাবি আরও জোরালো হয়।

এর মধ্যে এক ঘটনায় ডয়চে বানের এক নিরাপত্তাকর্মী মদ্যপ এক যাত্রীর টিকিট পরীক্ষা করতে গিয়ে আক্রান্ত হন। দুজনের ধস্তাধস্তির একপর্যায়ে ট্রেনের দরজা খুলে যায়। এতে ওই নিরাপত্তাকর্মী ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

চলতি বছরের শুরুর দিকে বৈধ টিকিট না থাকা এক ব্যক্তির হামলায় ট্রেনের এক কন্ডাক্টর নিহত হন। এ দুটি ঘটনার পর রেলস্টেশনকে অ্যালকোহলমুক্ত করার দাবি আরো জোরালো হয়।

নিষেধাজ্ঞা কার্যকর করার আগে জার্মানির প্রায় ৪০টি রেলস্টেশনে পরীক্ষামূলকভাবে এ নিয়ম চালু করা হয়েছিল। এসব স্টেশনের মধ্যে কোলন, মিউনিখ, হামবুর্গ ও বার্লিনের মতো বড় শহরের স্টেশনও ছিল। ডয়চে বান জানিয়েছে, পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া গেছে। স্টেশনগুলোর পরিবেশ আগের চেয়ে শান্ত হয়েছিল এবং আবর্জনার পরিমাণও কমেছিল।

এক বিবৃতিতে ডয়চে বান বলেছে, রেলস্টেশনগুলোকে আরো নিরাপদ, পরিচ্ছন্ন ও যাত্রীদের অপেক্ষার জন্য আরামদায়ক করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নতুন নিয়ম নিয়ে উদ্বেগ জানিয়েছে গৃহহীন মানুষদের সহায়তা করা একটি সংগঠন। তাদের মতে, মদ্যপানে আসক্ত অনেক গৃহহীন মানুষের কাছে রেলস্টেশন একধরনের নিরাপদ আশ্রয়। বিশেষ করে প্রতিকূল আবহাওয়ায় তাঁদের অনেকে স্টেশনে আশ্রয় নেন।

জার্মানির সংবাদপত্র রাইনিশে পোস্টকে সংগঠনটির এক মুখপাত্র বলেন, এ নিষেধাজ্ঞা নিয়ে তারা উদ্বিগ্ন। কারণ, রেলস্টেশনের মতো জায়গা থেকে গৃহহীন মানুষদের সরিয়ে দেওয়া হলে সমাজকর্মীদের পক্ষে তাঁদের খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়বে।

তবে স্টেশনে নিষেধাজ্ঞা থাকলেও সেখানকার পাব, রেস্তোরাঁ ও এ ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান এর বাইরে থাকবে। এসব স্থানে আগের মতোই অ্যালকোহল পরিবেশন করা যাবে। এ ছাড়া অনেক ট্রেনে, বিশেষ করে দূরপাল্লার ট্রেনের খাবার পরিবেশনের জায়গায়, বিয়ার ও অন্যান্য পানীয় বিক্রি আগের মতোই চলবে।

এএম

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, আটক ২৫

ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে: ইলন মাস্ক

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু

তুরস্ক থেকে আরো ১৫ সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায় স্পেন

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, চাপে সরকার

‘নিজেদের ভবিষ্যৎ পুনরুদ্ধারের উপযুক্ত সময় এখনই’

ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজের তাপমাত্রা বেড়ে অসংখ্য দোকানে আগুন

ইসরাইলকে অনুসরণ করে ‘কাল্পনিক শত্রু’ তৈরি করছে ইউরোপ

মেক্সিকোতে ঘূর্ণিঝড়ে মৃত বেড়ে ৪