ইংল্যান্ডের উত্তরাঞ্চলে একটি বন্য প্রাণী পার্কে বাঘের খাঁচায় ঢুকে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। খাঁচায় থাকা একটি বাঘ তার ওপর হামলা চালায়।
শনিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে কীভাবে তিনি বাঘের খাঁচায় ঢুকেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, ডনকাস্টার শহরের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এক ব্যক্তি বাঘের খাঁচায় ঢুকে পড়েছেন বলে খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা সেখানে যান। গ্রিনিচ মান সময় অনুযায়ী, তখন সময় ছিল দুপুর ১২টা ৩৫ মিনিট।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বাঘটি আহত হয়নি। সেটি খাঁচার ভেতরেই ছিল। এ ঘটনায় পার্কের বাইরের জনসাধারণের জন্য কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার পর পুরো পার্ক খালি করে দেওয়া হয়। শনিবার রাতেও সেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন।
এক বিবৃতিতে পুলিশ জানায়, ওই ব্যক্তির পরিবারকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা পরিবারটিকে সহায়তা করছেন।
বিবৃতিতে বলা হয়, ‘এই কঠিন সময়ে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
ঘটনার আগে ওই ব্যক্তিকে বাঘের খাঁচার ভেতরে দেখা গেছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। ভিডিওটির বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে পুলিশ জনসাধারণকে সেটি শেয়ার না করার অনুরোধ করেছে।
রোববার পর্যন্ত বন্ধ পার্ক
ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘের খাঁচাকে কেন্দ্র করে গুরুতর একটি ঘটনার পর পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার পর্যন্ত এটি বন্ধ থাকবে।
পার্কটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ঠিক কী ঘটেছিল, তা জানতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে পার্ক কর্তৃপক্ষ। দর্শনার্থী, কর্মী ও প্রাণীদের নিরাপত্তা এবং সুস্থতা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
২০০৯ সালে কার্যক্রম শুরু করে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক। ২০১১ সালে সেখানে ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ নামে একটি বিশেষ আকর্ষণ চালু করা হয়। বিপন্ন আমুর বাঘের জন্য তৈরি এই সংরক্ষিত এলাকার আয়তন প্রায় ০.৪ হেক্টর বা ২ একর। আমুর বাঘ সাইবেরীয় বাঘ নামেও পরিচিত।
পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি উঁচু পথ দিয়ে দর্শনার্থীরা বাঘের বিচরণ দেখতে পারেন। ওই পথে দাঁড়িয়ে বনভূমি ও ঘাসে ঢাকা এলাকায় বাঘের চলাফেরা এবং জলপ্রপাতের মতো পানির আধারে তাদের খেলা দেখার সুযোগ রয়েছে।
এএম