হোম > বিশ্ব > ইউরোপ

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটেন

রোহিঙ্গা গণহত্যা

বিবিসি

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আদালতের এমন রায়ের পর এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার ও।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়ায় মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার সময় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। ২০২১ সালেই তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।

মিলিব্যান্ড আরো বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

মিয়ানমারে অবিলম্বে সংঘাত বন্ধেরও আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে। বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা থামাতে হবে এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। পাশাপাশি সবার অংশগ্রহণে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করতে হবে।

দেশটিতে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের কথাও জানিয়েছেন মিলিব্যান্ড। ১৯৮৯ সাল পর্যন্ত মিয়ানমার বার্মা নামে পরিচিত ছিল।

গত সপ্তাহে আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করেছিলেন মিলিব্যান্ড। সোমবার পার্লামেন্ট সদস্যদের তিনি জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া রায়ে বলেছে, আদালতের হাতে থাকা প্রমাণ থেকে ‘গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হিসেবে উঠে এসেছে’। বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে ভোট দেন। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরো কয়েকটি ধারা লঙ্ঘনের দায়েও সংখ্যাগরিষ্ঠ বিচারকের সমর্থন পেয়েছে রায়টি।

রায়ে বলা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যের সঙ্গে বঙ্গোপসাগরেরও সংযোগ রয়েছে। ওই অভিযানে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়ার পাশাপাশি নারী ও কিশোরীদের ধর্ষণের অভিযোগও উঠে এসেছিল। তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

২০১৭ সালের ওই সামরিক অভিযানের সময় হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ডের ভাষ্য অনুযায়ী, সব মিলিয়ে ১২ লাখের বেশি শরণার্থী দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের আশ্রয় ও সহায়তা দিচ্ছে বাংলাদেশ।

রোহিঙ্গা গণহত্যার সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

এদিকে সংঘাত এখনো বন্ধ হয়নি বলে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের জানানো হয়েছে। রাখাইন রাজ্যে বিমান হামলার পাশাপাশি আরাকান আর্মির সহিংসতাও অব্যাহত রয়েছে।

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ের প্রতি সমর্থন জানিয়েছে আরো কয়েকটি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডা।

এএম

ধর্মঘটে বন্ধ হওয়ার পথে বেলজিয়ামের সব বিমানবন্দর

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা

এবার লন্ডনে আছড়ে পড়তে যাচ্ছে ইউরোপের বিক্ষোভের ঢেউ

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেপ্তারের অভিযানে নিহত ১১

রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করল ডেনমার্ক

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল কলম্বিয়া

পুলিশের গুলির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ

ব্রেক্সিটের দূরত্ব ঘুচিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ

গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মিয়ানমারকে মানতে হবে: ইইউ