ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক অভিযানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যোগ দিয়েছে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করলেও, ইইউর সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি স্পষ্ট নয়। ফলে ওয়াশিংটনের অর্থনৈতিক অভিযানে ইইউ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, ইরান যাতে তার ‘অস্থিতিশীল কর্মকাণ্ড’ বন্ধ করে এবং আন্তরিকভাবে শান্তি আলোচনায় অংশ নেয়, সে প্রচেষ্টাকে তারা স্বাগত জানায়। এ লক্ষ্য অর্জনে অতিরিক্ত অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগকেও সমর্থন করেছে তারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর কথাও উল্লেখ করা হয়েছে।
তবে ইইউর ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা সরাসরি বলা হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইইউকে এই অর্থনৈতিক অভিযানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ব ইরানের প্রতি ‘স্পষ্ট বার্তা’ পাঠাচ্ছে।
বেসেন্টের বক্তব্যের বিপরীতে ইইউর বিবৃতিতে মূলত মার্কিন উদ্যোগের প্রতি সমর্থনের কথা বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় ‘আরো পদক্ষেপ নিতে প্রস্তুত’ থাকার কথাও জানিয়েছে ইউরোপীয় জোটটি।
এ অবস্থায় ইইউ যুক্তরাষ্ট্রের অভিযানে সরাসরি অংশ নিয়েছে, নাকি শুধু ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের উদ্যোগকে সমর্থন জানিয়েছে—তা নিয়ে কূটনৈতিক মহলে সংশয় তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
এআরবি