হোম > বিশ্ব > ইউরোপ

জার্মান গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বিদেশি একটি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের সন্দেহে জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএন্ডের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দেশটির ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য জানিয়েছে। ৮০ বছর বয়সী হ্যানিং ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডির নেতৃত্বে ছিলেন।

ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হ্যানিংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ, রাষ্ট্রদ্রোহের চেষ্টা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। দক্ষিণ জার্মানির ব্যাড ট্যোলৎস-ভলফ্রাটশাউজেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একই দিন হ্যানিংয়ের সাবেক সহকারী ম্যানফ্রেড ডি.-কেও পশ্চিম জার্মানির স্টেইনফুর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের চেষ্টা ও রাষ্ট্রদ্রোহমূলক গুপ্তচরবৃত্তিতে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ের মুখপাত্র ইন্স পিটারসন জার্মান সম্প্রচারমাধ্যম আরটিএলকে বলেন, একটি ঘটনায় হ্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যেখানে তিনি রাষ্ট্রীয় গোপন তথ্য ব্যবহার করে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার জন্য প্রতিবেদন তৈরি করেছিলেন। অন্য একটি ঘটনায় দীর্ঘ যোগাযোগের পর তিনি অন্য একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তার কাছে তথ্য দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

তবে, হ্যানিং ও ম্যানফ্রেড ডি. ঠিক কোন দেশের বা কোন বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। মঙ্গলবার দুজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাতেও তল্লাশি চালানো হয়েছে।

হ্যানিংকে বিএনডির গোপন নথি দেওয়ার অভিযোগ

প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ম্যানফ্রেড ডি. হ্যানিংয়ের চিফ অব স্টাফ হিসেবে কাজ করতেন। পরে ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিএনডির পরবর্তী কয়েকজন প্রধানের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। এ কারণে তার কাছে সংস্থাটির গোপন তথ্যের প্রবেশাধিকার ছিল।

তদন্তকারীদের ধারণা, ২০১০ সালে হ্যানিং ও ম্যানফ্রেড ডি. একটি চুক্তিতে পৌঁছান। এর আওতায় অর্থের বিনিময়ে ম্যানফ্রেড ডি. বিএনডি থেকে মূল্যবান গোয়েন্দা তথ্য নিয়মিত হ্যানিংকে সরবরাহ করতেন।

প্রসিকিউটরের কার্যালয়ের ভাষ্য, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কয়েক বছর ধরে ম্যানফ্রেড ডি. হ্যানিংকে প্রায় ২ হাজার নথি সরবরাহ করেছেন। এসব নথির অনেকগুলোতেই গোপন তথ্য ছিল, যা মূলত বিএনডির অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত ছিল, বিশেষ করে সংস্থাটির শীর্ষ পর্যায়ের গোয়েন্দা ব্রিফিংয়ে ব্যবহারের জন্য।

পিটারসন জানান, হ্যানিং এসব তথ্য ব্যক্তিগত পরামর্শক হিসেবে নিজের কাজে ব্যবহার করতেন। জার্মানির গোপনীয়তা আইন অনুযায়ী পুরো নাম প্রকাশ না করা ম্যানফ্রেড ডি. ২০২২ সালের জুন পর্যন্ত হ্যানিংকে গোপন তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ রয়েছে।

সূত্র: এপি নিউজ

এমএমআর

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটেন

ধর্মঘটে বন্ধ হওয়ার পথে বেলজিয়ামের সব বিমানবন্দর

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা

এবার লন্ডনে আছড়ে পড়তে যাচ্ছে ইউরোপের বিক্ষোভের ঢেউ

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেপ্তারের অভিযানে নিহত ১১

রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করল ডেনমার্ক

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল কলম্বিয়া

পুলিশের গুলির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ

ব্রেক্সিটের দূরত্ব ঘুচিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ