ইরানকে সামাল দেওয়ার পর কিউবার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সমাবেশে তিনি বলেন, ইরান থেকে ফেরার পথে কিউবায় যাত্রাবিরতি করবেন তারা। খবর আনাদোলুর।
ট্রাম্প বলেন, ‘ইরান থেকে ফেরার পথে আমরা কিউবার ব্যবস্থা নেব। আমরা সেখানে অল্প সময়ের জন্য থামব।
এরপর কিউবার উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর একটি পরিস্থিতির বর্ণনা দেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, জাহাজগুলোর একটি কিউবার উপকূল থেকে প্রায় ৫০ গজ দূরে থামানো হবে। এরপর সংশ্লিষ্ট পক্ষ হাত তুলবে এবং চুক্তি চূড়ান্ত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সেখানে পাঠানো হবে।
ট্রাম্প বলেন, ‘কিউবার বিষয়ে আমরা যা করতে যাচ্ছি, তা হলো ইরান থেকে ফেরার পথে আমাদের সুন্দর জাহাজগুলো কিউবার পাশ দিয়ে যাবে। সেগুলোর একটি উপকূল থেকে প্রায় ৫০ গজ দূরে থামবে। তারা হাত তুলবে, এরপর চুক্তিটি চূড়ান্ত করতে আমরা মার্কো রুবিওকে পাঠাব।’