হোম > বিশ্ব > ইউরোপ

২০১৬ সালের ব্রেক্সিট ভোটে রাশিয়ার হস্তক্ষেপ ‘স্পষ্ট’: বার্নহাম

আল-জাজিরা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ছবি: এএফপি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটে রাশিয়া হস্তক্ষেপ করেছিল, বিষয়টি ‘স্পষ্ট’। একই ধরনের হস্তক্ষেপের ঝুঁকি সম্পর্কে ফ্রান্স ও জার্মানির ভোটারদেরও সতর্ক করেছেন তিনি।

রোববার প্রকাশিত ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহাম বলেন, ‘ডাউনিং স্ট্রিটে আসার পর আমি প্রশ্ন করেছিলাম, ২০১৬ সালের গণভোটে রাশিয়ার কোনো হস্তক্ষেপ ছিল কি না। আমি এর স্পষ্ট উত্তর পেয়েছি—হ্যাঁ, ছিল।’

বার্নহামের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করলেন যে ব্রেক্সিট গণভোটে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ বা হস্তক্ষেপের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।

বার্নহাম বলেন, ‘এখন এসব বিষয় স্পষ্টভাবে নথিভুক্ত করা গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, এর মাধ্যমে জার্মানি ও ফ্রান্সের ভোটাররা বুঝতে পারবেন, রাজনৈতিক ঘটনাপ্রবাহের কিছু অংশ আমাদের শত্রু, অর্থাৎ রাশিয়া প্রভাবিত করে।’

গত সপ্তাহে বার্লিনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠক করেন বার্নহাম। তিনি জানান, বৈঠকে রাশিয়ার সঙ্গে জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) সম্ভাব্য যোগসূত্র নিয়ে মের্ৎসের সঙ্গে কথা বলেছেন।

এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও যুক্তরাজ্যের ২০১৯ সালের সাধারণ নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের চেষ্টার নিন্দা জানান বার্নহাম।

তবে ২০২০ সালে প্রকাশিত যুক্তরাজ্যের পার্লামেন্টের গোয়েন্দা ও নিরাপত্তাবিষয়ক কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে গভীর মূল্যায়ন করার উদ্যোগ নেয়নি দেশটির সরকার। অবশ্য ২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে ওই প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

রাশিয়া বরাবরই পশ্চিমা গণতন্ত্রে হস্তক্ষেপ কিংবা অন্য দেশের নির্বাচন ও গণভোটে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাজ্যের এমন অভিযোগকে দেশটি ‘রাশিয়াবিরোধী উন্মাদনা’ হিসেবে আখ্যা দিয়েছে।

ব্রেক্সিট নিয়ে নতুন করে ভাবছে যুক্তরাজ্য

গত মাসে বার্নহাম বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিভিন্ন বিকল্প নিয়ে যুক্তরাজ্যের নতুন করে ভাবা উচিত। এর মধ্যে জোটটিতে আবার যোগ দেওয়ার বিষয়টিও রয়েছে। তাঁর এই বক্তব্যে ঐতিহাসিক ব্রেক্সিট ভোটের এক দশকের বেশি সময় পর বিষয়টি নিয়ে বিতর্ক আবার সামনে এসেছে।

বার্নহামের মতে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচার চালানো ব্যক্তিরা যে ‘নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ব্রেক্সিট তা পূরণ করতে পারেনি। বরং এর ফলে অর্থনীতি ও অভিবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে যুক্তরাজ্য দুর্বল হয়েছে।

এএম

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ

ইরানের হুমকিতেও ইউরোপে মার্কিন সামরিক কার্যক্রম অব্যাহত: রুবিও

ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ