হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপে নদী সচল করতে ৬০২ বাঁধ অপসারণ

আমার দেশ অনলাইন

ছবি : টিসিডি

ভেঙে পড়া ও অকেজো বাঁধ অপসারণের পর কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো অবাধে বয়ে চলেছে পশ্চিম আইসল্যান্ডের একটি নদী। এই মাইলফলকটি মূলত পুরো ইউরোপজুড়ে নদী পুনরুজ্জীবনের একটি বড় পরিবর্তনের অংশ। গত বছর মহাদেশটিতে রেকর্ডসংখ্যক নদী-প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে, যা পানিপথ, বন্যপ্রাণী এবং নদী অববাহিকার স্থানীয় জনগোষ্ঠীকে আগের অবস্থায় ফিরতে সাহায্য করছে।

'ড্যাম রিমুভাল ইউরোপ'-এর সাম্প্রতিক এক বিশ্লেষণের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৫ সালে ইউরোপজুড়ে বাঁধ, কালভার্ট ও স্লুইসগেটসহ রেকর্ড ৬০২টি নদী-প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ২ হাজার ৩২৪ মাইল নদীপথকে আবার সংযুক্ত করা সম্ভব হয়েছে। এই উদ্যোগ ২০৩০ সালের মধ্যে ১৫ হাজার ৫০০ মাইল নদীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) লক্ষ্যমাত্রাকে আরও কাছাকাছি নিয়ে গেছে।

সবচেয়ে প্রতীকী প্রকল্পগুলোর একটি ছিল আইসল্যান্ডের মেলসা নদী। গত ডিসেম্বরে সেখানে একটি অকেজো বাঁধ ধ্বংস করা হয়। এই কাঠামোটি একসময় একটি খামারে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত হতো। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও এটি মাছের অবাধ চলাচলে বাধা সৃষ্টি করে আসছিল।

নদী-প্রতিবন্ধকতা অপসারণে তালিকায় শীর্ষে ছিল সুইডেন, তারা ১৭৩টি প্রতিবন্ধকতা সরিয়েছে। এরপর ফিনল্যান্ড ১৪৩টি এবং স্পেন ১০৯টি প্রতিবন্ধকতা অপসারণ করেছে। এছাড়া আইসল্যান্ড ও উত্তর মেসিডোনিয়া এবারই প্রথম তাদের নদী-প্রতিবন্ধকতা অপসারণ করেছে এবং যুক্তরাজ্য অপসারণ করেছে ৩৫টি। স্কটিশ সংস্থা 'সিবিইসি'-এর নদী প্রকৌশলী হ্যামিশ মইর বলেন, মেলসা নদীকে আগের অবস্থায় ফিরে আসতে দেখাটা ‘সত্যিই ফলপ্রসূ’।

প্রতিবেদন অনুযায়ী, কলকারখানা, জলবিদ্যুৎ, নৌচলাচল এবং নগর উন্নয়নের জন্য শত শত বছর ধরে ইউরোপের নদীগুলোর গতিপ্রকৃতি ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে। এই কৃত্রিম বিভাজন পরিবেশগত বিপর্যয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে, যার ফলে ১৯৭০ সালের পর থেকে মিঠা পানির পরিযায়ী মাছের সংখ্যা ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে। অকেজো বাঁধ অপসারণের ফলে মাছ আবার উজানে যেতে পারছে এবং পলি ভাটিতে নেমে নদী ব্যবস্থাকে জীবন ধারণের জন্য আরো উপযোগী করে তুলছে। পরিবেশবাদী গোষ্ঠী, প্রকৌশলী এবং নীতিনির্ধারকদের একটি ক্রমবর্ধমান জোট এই নদী পুনসংযোগে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালে কার্যকর হওয়া ইইউ-এর প্রকৃতি পুনরুদ্ধার আইনের আওতায় এই অকেজো প্রতিবন্ধকতাগুলো অপসারণ করা হচ্ছে।

গত বছর অপসারিত প্রতিবন্ধকতাগুলোর বেশিরভাগই ছিল ছোট এবং এর তিন-চতুর্থাংশের বেশি ছিল দুই মিটারের (সাড়ে ছয় ফুট) কম উচ্চতার। ফলে এগুলো অপসারণ করা ছিল তুলনামূলক সাশ্রয়ী এবং ব্যবহারিক।

ইউরোপের বাইরেও এমন কাজ চলছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ১০০টি বাঁধ অপসারণ করা হয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে চীনে ইয়াংজি নদীর ওপর থেকে শত শত বাঁধ সরিয়ে নেওয়া হয়েছে।

'ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল'-এর ইউরোপীয় শাখার পরিচালক ক্রিস বেকার বলেন, ‘শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপ নদীগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছে। কিন্তু এখন মানুষ ক্রমেই বুঝতে পারছে, এই অকেজো বাঁধগুলো কোনো স্মৃতিস্তম্ভ নয় যে চিরকাল রেখে দিতে হবে। এগুলোর অনেকগুলোই স্রেফ পুরনো শিল্প ধ্বংসাবশেষ, যা ক্রমাগত পরিবেশগত ক্ষতি করে চলেছে।’

সূত্র: টিসিডি

এএম

আইসিসি ছাড়ার প্রক্রিয়া বাতিল করল হাঙ্গেরির পার্লামেন্ট

যুক্তরাজ্যে জন্মহার ৫০ বছরে সর্বনিম্ন

তাপদাহে ফ্রান্সে ৭ জনের মৃত্যু

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে নিহত ৪

সাগরে বিলীন হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের বাড়ি-সড়ক-রেললাইন

স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল মাদ্রিদ

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ব্রিটেনে বিক্ষোভ দমনে কড়াকড়ি, ‘নতুন রাজনৈতিক বন্দী’ বেড়েছে

ফ্রান্সে নিষিদ্ধ হলেন ইসরাইলি মন্ত্রী বেন গভির

রাশিয়া অধিকৃত শহরের কলেজে ইউক্রেনের হামলায় নিহত ১০