হোম > বিশ্ব > ইউরোপ

শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আমার দেশ অনলাইন

আলবেনিয়ার স্বাধীনতা দিবসে তিরানায় শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভের সময় দাঙ্গা দমনের সরঞ্জাম পরিহিত পুলিশ কর্মকর্তাদের মুখোমুখি হন বিক্ষোভকারীরা। ছবি-রয়টার্স]

আলবেনিয়ায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শনিবার দেশটির স্বাধীনতা দিবসে রাজধানী তিরানায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা ছুড়লে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। সংঘর্ষে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দুর্নীতি, বেকারত্ব, শিক্ষার নিম্নমান, দুর্বল স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার সংকটের প্রতিবাদে কয়েক মাস ধরে আলবেনিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, দেশে কাজের সুযোগ ও উন্নত জীবনযাপনের সম্ভাবনা কমে যাওয়ায় বহু মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। তাদের দাবি, দুর্নীতি বন্ধ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শনিবারের কর্মসূচিতে মুখোশধারী কিছু বিক্ষোভকারী সরকারি ভবন লক্ষ্য করে পাথর ছোড়েন। তারা প্রধানমন্ত্রী রামার কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সড়কের নজরদারি ক্যামেরা ও সরকারি ভবনের জানালা ভাঙচুর করা হয়। আগের কয়েকটি বিক্ষোভে সরকারি ভবন ও ব্যাংকে আগুন দেওয়া, দোকানের কাচ ভাঙা এবং রাস্তার পাথর তুলে পুলিশের দিকে ছোড়ার ঘটনাও ঘটেছে।

বিক্ষোভে অংশ নেওয়া ৪৫ বছর বয়সি প্রকৌশলী এরালদা বাজে বলেন, ‘যথেষ্ট হয়েছে। দুর্নীতি, দারিদ্র্য আর দেশত্যাগ—সবকিছুরই অবসান হওয়া দরকার।’ আন্দোলনকারীদের কেউ কেউ উন্নত জীবনযাপন ও স্বাস্থ্যসেবার দাবিও জানিয়েছেন। তাদের একটি ব্যানারে লেখা ছিল, ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়।’

কুশনারের প্রকল্প ঘিরে আন্দোলনের সূত্রপাত

আলবেনিয়ায় সাম্প্রতিক আন্দোলনের সূত্রপাত গত মে মাসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট দক্ষিণ উপকূলের বিলাসবহুল পর্যটন উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে তখন শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হয়। উপকূলীয় সংরক্ষিত এলাকায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ ঘিরে পরিবেশ ও দুর্নীতির অভিযোগ ওঠে।

পরে আন্দোলনে শিক্ষার্থীরা যুক্ত হন। সেপ্টেম্বর থেকে শিক্ষা ও জীবনযাত্রার মান নিয়ে তাদের প্রতিবাদ শুরু হয়। অক্টোবরের মাঝামাঝি থেকে তিরানায় বিক্ষোভ আরো বিস্তৃত হয় এবং দেশের অন্য শহরেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী রামার পদত্যাগ ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের দাবি তোলেন। আন্দোলনটি ‘ফ্লেমিংগো আন্দোলন’ নামেও পরিচিতি পেয়েছে।

প্রকল্পটির বিষয়ে প্রধানমন্ত্রী রামার সরকার বলছে, উন্নয়ন উদ্যোগটি আইনসম্মত এবং সেখানে প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষিত রাখা হবে। সরকার দুর্নীতির অভিযোগও অস্বীকার করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানানোর পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে সরকার জ্বালানির দাম কমানো এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে।

ক্ষমতায় ১৩ বছর ধরে রামা

২০১৩ সাল থেকে আলবেনিয়ার ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর চতুর্থ মেয়াদে নির্বাচিত হন তিনি। সাম্প্রতিক আন্দোলন তার সরকারের জন্য এখন পর্যন্ত বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে।

দুর্নীতির বিভিন্ন কেলেঙ্কারি দীর্ঘদিন ধরে আলবেনিয়ার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্লেষকদের মতে, মাদক ও অস্ত্র পাচারের অর্থ পাচারের জন্য দেশটি অপরাধী চক্রগুলোর কাছে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তবে রামা দাবি করেছেন, তার সরকার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার চেষ্টা করছে আলবেনিয়া। ২০৩০ সালের মধ্যে জোটটির সদস্য হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। তবে দুর্নীতি, অপরাধী চক্রের তৎপরতা এবং আইনের শাসন নিয়ে উদ্বেগ দেশটির ইউরোপীয় একীভূত হওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

আহতের সংখ্যা নিয়ে প্রতিবেদনে পার্থক্য

সংঘর্ষে আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে পার্থক্য রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ৩৫ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে আহতের সংখ্যা ৩০ উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিক রয়েছেন।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আল জাজিরা, ডয়চে ভেলে ও ইউরোনিউজ

নারীর প্রতি সহিংসতা বন্ধে ভিয়েনায় পুরুষদের বিক্ষোভ

স্পেনে নির্বাচনের লড়াই, সানচেজের সামনে উগ্র ডানপন্থিদের চ্যালেঞ্জ

কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি

সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে শিক্ষার্থীদের প্রার্থী রসায়ন অধ্যাপক সাইচিচ

প্রতিকূল জরিপের মধ্যেও জয়ের আশা স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের

খেলার মাঠের বেঞ্চে একা বসে থাকায় গুনতে হলো জরিমানা

স্পেনে নির্বাচনে ক্ষমতায় আসতে পারে উগ্র ডানপন্থিরা

স্পেনে উত্থান হচ্ছে কট্টর ডানপন্থিদের

লিবিয়ায় রুশ জাহাজে হামলার জবাবে পাল্টা আঘাতের ইঙ্গিত মস্কোর

সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে: এরদোয়ান