হোম > বিশ্ব > ইউরোপ

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, আটক ২৫

আল-জাজিরা

রাষ্ট্রপতি হাভিয়ের মিলেইর জনশিক্ষাক্ষেত্রে ‘চেইনস’ (অর্থাৎ কঠোর ও ব্যাপক) বাজেট ছাঁটাইয়ের সিদ্ধান্তের নিন্দা জানাতে বুয়েনস আইরেসে রাষ্ট্রপতি ভবন ‘কাসা রোসাদা’-র সামনে বিক্ষোভ।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইয়ের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা খাতে বরাদ্দ কমানো, বেতন ও বৃত্তির অর্থের সংকট এবং গবেষণার সুযোগ সংকুচিত হওয়ার প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫ জন আটক হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন, তাদের মধ্যে নিরাপত্তাকর্মীরাও রয়েছেন।

বিক্ষোভের অংশ হিসেবে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের একটি ভবন এক দিনের জন্য দখলে নেন শিক্ষার্থীরা। তারা ভবনে ব্যানার টানিয়ে সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান দেন। তাদের একটি স্লোগান ছিল, ‘এভাবে আর চলতে পারে না।’

শিক্ষার্থীদের আশঙ্কা, সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ হুমকির মুখে পড়ছে।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী এমিলিয়ানো গাতো বলেন, বেতন দিয়ে মৌলিক চাহিদা মেটাতে না পারায় অনেক মেধাবী অধ্যাপক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন। তিনি নিজেও সরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতা করতে চান। তবে বর্তমান পরিস্থিতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

২০২৩ সালে ক্ষমতায় আসার পর থেকে ব্যয় সংকোচনের কঠোর নীতি অনুসরণ করছেন মাইলেই। তার সরকার সরকারি খাতে হাজারো কর্মী ছাঁটাই করেছে, বিভিন্ন মন্ত্রণালয় বন্ধ করেছে এবং ভর্তুকি ও সরকারি কর্মসূচির বরাদ্দ কমিয়েছে। এতে একদিকে মূল্যস্ফীতি কমে মাসে প্রায় ২ শতাংশে নেমেছে, অন্যদিকে সরকারি শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পেনশনসহ বিভিন্ন খাতে ব্যয় কমানো নিয়ে বিরোধ তৈরি হয়েছে।

সম্প্রতি ওয়াশিংটন সফরে মাইলেই দাবি করেন, টানা ২৭ মাস ধরে অর্থনীতিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে এবং অর্থনীতি ঐতিহাসিক গড়ের চার গুণ গতিতে সম্প্রসারিত হচ্ছে। তবে বিরোধীদের অভিযোগ, অর্থনীতির উন্নতির দাবি করা হলেও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর ব্যয় সংকোচনের চাপ বাড়ছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বাড়ানোর দাবিতে গত বছর আর্জেন্টিনার কংগ্রেসে একটি আইন পাস হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আইনও পাস করা হয়। মাইলেই এসব আইনে ভেটো দিয়েছিলেন। পরে কংগ্রেস তার ভেটো অগ্রাহ্য করে আইনগুলো অনুমোদন করে। কিন্তু অর্থের উৎস নির্দিষ্ট করা হয়নি—এই যুক্তিতে সরকার আইনগুলোর বাস্তবায়ন আটকে রেখেছে।

বিশ্ববিদ্যালয়ের বেতন ও বৃত্তির অর্থ পুনর্বহাল, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত বাজেট হালনাগাদ এবং গবেষণা, হাসপাতাল ও অবকাঠামোর জন্য অর্থ বরাদ্দের দাবিও রয়েছে। এসব দাবির কিছু অংশ বাস্তবায়ন না করায় এক ফেডারেল আদালত সরকারকে প্রতিদিন ১ লাখ পেসো জরিমানা করেছেন। এই অর্থের পরিমাণ প্রায় ৭০ ডলার।

বৃহস্পতিবার বুয়েনস এইরেসে আইন বাস্তবায়নের দাবিতে বড় বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা সাধারণ ধর্মঘটেরও আহ্বান জানান। এতে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন। এ সময় অন্তত ২৫ জন আটক হন। নিরাপত্তাকর্মীসহ কয়েকজন আহত হন।

রসায়নের অধ্যাপক মারিয়া তেরেসা দে হেসুস বলেন, মাসে প্রায় ৭০০ ডলার আয় করেও তার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিবাদে নামা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে মনে করেন তিনি।

তিনি বলেন, শিক্ষকতা ও গবেষণা তার ভালো লাগে। কিন্তু এ জন্য তাকে রাস্তায় নামতে হবে, এমন পরিস্থিতি কাম্য নয়।

তার মতে, দেশের জন্য সরকারি শিক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সরকার বিষয়টি উপেক্ষা করছে।

তবে মাইলেইয়ের অর্থনৈতিক পরিকল্পনার প্রতি সমর্থনও রয়েছে আর্জেন্টিনার একাংশের। তাদের আশা, দেশের প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে, বেতন বাড়বে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, সরকারের নীতিতে সুবিধা পাচ্ছে সমাজের প্রভাবশালী ও সচ্ছল অংশ; ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এএম

জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে: ইলন মাস্ক

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

ইসরাইলগামী ফ্লাইটে কাজ করতে পারবেন না ৩১ মুসলিমপ্রধান দেশের ক্রু

তুরস্ক থেকে আরো ১৫ সুপারসনিক প্রশিক্ষণ বিমান কিনতে চায় স্পেন

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, চাপে সরকার

‘নিজেদের ভবিষ্যৎ পুনরুদ্ধারের উপযুক্ত সময় এখনই’

ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজের তাপমাত্রা বেড়ে অসংখ্য দোকানে আগুন

ইসরাইলকে অনুসরণ করে ‘কাল্পনিক শত্রু’ তৈরি করছে ইউরোপ

মেক্সিকোতে ঘূর্ণিঝড়ে মৃত বেড়ে ৪