ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে তলব করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । বৃহস্পতিবার দুপুরে রাজৌরি গার্ডেনে অবস্থিত ক্রাইম ব্রাঞ্চের অফিসে হাজির হতে বলা হয়েছে তাদের। তিহার জেল থেকে মুক্তি পাওয়ার ঠিক এক দিন পরেই তাদের ডেকে পাঠানো হলো।
নির্বাচনি তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশনে (এসআইআর) অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ঘটনায় তাদের তিহার জেলে আটকে রাখা হয়েছিল।
সাত দিন তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর বুধবার তারা মুক্তি পান। মুক্তির আগে আদালতে লিখিত বয়ান দেন দুজনেই। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা দিল্লির নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কথা দিয়েছেন যে, তারা যন্তর মন্তরে আর কোনো আন্দোলনের ডাক দেবেন না, শান্তি বজায় রাখবেন এবং আগামী দিনে তাদের যে কোনো আন্দোলন কর্মসূচি হবে ভারতের সাংবিধানিক কাঠামো মেনে।
যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে মোদি সরকার সরিয়ে দেওয়ার পর গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সিজেপির কয়েকজন নেতা সেখানে ঢোকেন। আশুতোষ, সৌরভ ছাড়াও ছিলেন সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্ডে এবং দলের অন্য সমর্থকেরা। জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন তারা। প্রত্যেককেই আটক করা হয়েছিল। বাকিদের ছেড়ে দিলেও আশুতোষ ও সৌরভকে শান্তিভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএ