অমিত শাহ
কাঁটাতারের বেড়া নির্মাণ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে মোট ৭২১ একর জমি দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিম বঙ্গ রাজ্য সরকার।
বৃহস্পতিবার ভারতের গুজরাট অঙ্গরাজ্যের গান্ধীনগর শহরে আয়োজিত এক সভায় দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ তথ্য নিশ্চিত করেন।
সভায় অমিত শাহ বলেন, শপথ গ্রহণের সাত দিনের মাথায় বিএসএফকে ৭২১ হেক্টর জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এই ৭২১ হেক্টর জমির মধ্যে ৬০০ হেক্টর জমি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের এবং বাকি ১২১ হেক্টর জমি স্পর্শকাতর চিকেন্স নেক এলাকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এখন পুরো গঙ্গা নদী অববাহিকা জুড়েই বিজেপির গেরুয়া পতাকা উড়ছে।
অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ডিটেনশন সেন্টার স্থাপন করার পর অবৈধ অনুপ্রবেশকারীরা এখন নিজস্ব উদ্যোগে তাদের নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে।
তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আগের সরকারের আমলে প্রতিদিন অনুপ্রবেশের ঘটনা ঘটত। তবে এখন পরিস্থিতি বদলে গেছে এবং অবৈধ অভিবাসীরা এখন নিজেরাই স্বতস্ফূর্তভাবে এলাকা ছেড়ে চলে যাচ্ছে।
অমিত শাহ জানান, যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় চলে যেতে চান, তাদের রাজ্য সরকার সহায়তা করতে প্রস্তুত। একটি আনুষ্ঠানিক চিহ্নিতকরণ অভিযান শুরু হওয়ার আগে তারা যদি ফিরে যান, তবে তাদের বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের রাজ্যের সীমান্ত রয়েছে। এই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে ১০টি জেলার সীমান্ত আছে বাংলাদেশের।
বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের অধিকাংশ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু কিছু অংশ অরক্ষিত ছিল। অরক্ষিত সেসব অংশে বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়; কিন্তু বিভিন্ন জটিলতার কারণে মমতার আমলে ভারতের কেন্দ্রীয় সরকারের সেই চাওয়া পূরণ হয়নি।
এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠন করেছে বিজেপি; সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা ছিলেন। গত ৯ মে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন শুভেন্দু।
সূত্র : এনডিটিভি
এএম