বিক্ষোভের স্থান হিসেবে দিল্লির ‘যন্তর মন্তর’-এর স্বীকৃতি বাতিল করা হয়েছে। সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। পাশাপাশি আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শনের জন্য নতুন তিনটি স্থান চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নাগরিকদের বিক্ষোভ বা প্রতিবাদ আয়োজনের অধিকার বজায় রাখতে নির্ধারিত স্থান যন্তর মন্তরের বদলে বিকল্প উপযুক্ত ভেন্যু পর্যালোচনার জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির সুপারিশের ওপর ভিত্তি করেই প্রতিবাদের স্থান হিসেবে যন্তর মন্তরের নাম তালিকাভুক্তির বাইরে রাখা হয়েছে।
প্রতিবাদের নতুন তিন ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে—রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি গ্রাউন্ড।
দিল্লি পুলিশ আরও জানিয়েছে, এই নতুন তিন স্থানে প্রতিবাদ বা গণজমায়েত আয়োজনের নিয়মসংক্রান্ত একটি বিস্তারিত ও পরিমার্জিত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ বা নির্দেশিকা পৃথকভাবে জারি করা হবে।
দিল্লি পুলিশের এই সিদ্ধান্তের পর প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলমান আন্দোলন নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।