হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে সিআইএসএফের ৪ সদস্য নিহত

আমার দেশ অনলাইন

ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সহকর্মীর গুলিতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) চার সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টও রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় বাসোহলি এলাকার মাশকা গ্রামে সেওয়া জলবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা শিবিরে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্ব পরিবর্তনের সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে গুলির ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং এবং কনস্টেবল সঞ্জীব কুমার ও মোহাম্মদ রফিক।

তারা চারজনই গুলিতে গুরুতর আহত হন। পরে তাদের পাশের রাজ্য হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সিআইএসএফের এক হেড কনস্টেবল তর্ক-বিতর্কের পর তার সার্ভিস রাইফেল বা একে-৪৭ দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।

অভিযুক্ত হিসেবে হেড কনস্টেবল আওধেশ সিংয়ের নাম উঠে এসেছে। গুলি চালানোর পর সহকর্মীরা তাকে নিয়ন্ত্রণে এনে পুলিশের হাতে তুলে দেন। তার অস্ত্রও জব্দ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, আওধেশ সিংয়ের সঙ্গে সহকর্মী ও কোম্পানি কমান্ডার অঙ্কিত কুমার পান্ডের বিতর্ক হয়। তাকে বারবার সন্তানকে প্রকল্প এলাকায় নিয়ে আসতে হওয়া নিয়ে ওই বিতর্কের সূত্রপাত বলে জানা গেছে।

তবে কর্মকর্তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারেননি, ঠিক কী কারণে বিরোধ শুরু হয়েছিল এবং কীভাবে তা গুলির ঘটনায় রূপ নেয়। অন্য কোনো বিষয় এতে ভূমিকা রেখেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কর্মকর্তারা ঘটনাটিকে ‘ফ্র্যাট্রিসাইড’ হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ একই নিরাপত্তা বাহিনীর সদস্যের হাতে সহকর্মী সদস্যদের নিহত হওয়ার ঘটনা।

ঘটনার পর সিআইএসএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। কাঠুয়া জেলা পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে।

ঘটনার প্রকৃত কারণ ও পুরো ঘটনাক্রম জানতে সিআইএসএফ সদর দপ্তর কোর্ট অব ইনকোয়ারি গঠনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি জেলা পুলিশও তদন্ত চালাচ্ছে। সিআইএসএফের মহাপরিচালক পুরো পরিস্থিতি ও তদন্তের ওপর নজর রাখছেন।

সূত্র: এনডিটিভি, সামা টিভি

এএম

ভারতে মুসলিমবিরোধী হেট ক্রাইম বাড়ছে

২৩ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম আবদুল বারেক ৪ মাস ধরে নিখোঁজ

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মমতার কঠোর হুঁশিয়ারি

১৩ কোটি ভোটারের নাম বাদ, তীব্র আস্থা সংকটে ভারতের নির্বাচন কমিশন

অরুণাচল সীমান্তে বিদ্রোহীদের হামলা, ভারতীয় সেনা নিহত

ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা

পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা, বিপদে ভারত

ভারত-ইসরাইলের তৈরি অস্ত্রে নৃশংসতার শিকার গাজা-কাশ্মীর

গাজা অভিযানের সময় ইসরাইলকে অস্ত্রের যন্ত্রাংশ দিয়েছিল ভারত

‘গরু পশু নয়, আমাদের মা, যারা গরুকে পশু হিসেবে দেখেন, তাদের চিন্তা পশুসুলভ’