ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের প্রতি ভারতের মানুষের সমর্থন এতটাই প্রবল যে সেটি ‘উন্মাদনা পর্যায়ের’। বৃহস্পতিবার পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতকে একটি ‘বৃহৎ শক্তিধর রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের সম্পর্ককে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন।
নেতানিয়াহুর ভাষ্য, বিশ্বের বিভিন্ন স্থানে ইসরাইলকে ঘিরে নানা বিতর্ক ও বৈধতা সংকট থাকলেও ভারতে সেই ধরনের পরিস্থিতি নেই। তিনি দাবি করেন, অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকেই সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা বেশি।
ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে এর আগেও একাধিকবার কথা বলেছেন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে ইসরাইলের প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন উল্লেখযোগ্য।
২০১৮ সালে স্ত্রী সারাকে সঙ্গে নিয়ে ভারত সফরের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি। সেই সফরকে তিনি ‘ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনার এক বিশেষ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফরের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, মোদিকে সেখানেও ব্যাপক আন্তরিকতার সঙ্গে স্বাগত জানানো হয়েছিল।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি জনসমর্থন ধীরে ধীরে কমে আসার প্রেক্ষাপটে ভারত-ইসরাইল সম্পর্ককে আরো গুরুত্ব দিয়ে তুলে ধরছেন নেতানিয়াহু।
সূত্র: এনডিটিভি
এআরবি