হোম > বিশ্ব > ভারত

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চায় যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

গুরপতবন্ত সিং পান্নুন (বামে), ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (মাঝে) ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত কুমার গোয়েল (ডানে)। ছবি-সংগৃহীত

খালিস্তানপন্থি শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত কুমার গোয়েলকে সমন পাঠানোর জন্য দিল্লির আদালতগুলোর সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফেইলা এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, দোভালের ক্ষেত্রে দিল্লির পাতিয়ালা হাউস জেলা আদালত এবং গোয়েলের ক্ষেত্রে দ্বারকা ও তিস হাজারি জেলা আদালতের মাধ্যমে সমন ও সংশ্লিষ্ট বিচারিক নথি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

পিটিআইয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হেগ কনভেনশন এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান বিবেচনায় নিয়ে আদালত বিকল্প পদ্ধতিতে সমন পাঠানোর অনুমতি দিয়েছেন। এর আগে হেগ কনভেনশনের আওতায় ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে নথি পাঠানোর চেষ্টা সফল হয়নি।

আদালতের আদেশে বলা হয়েছে, মামলার বিবাদীদের কাছে বিচারিক নথি পৌঁছে দিতে ভারতীয় আদালতগুলোর সহযোগিতা চাওয়া হচ্ছে। তবে এখনই সমন পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এমন নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, পন্নুনকে ৩০ নভেম্বরের মধ্যে সমন, প্রস্তাবিত আদেশ এবং ভারতীয় আইনের প্রাসঙ্গিক বিধানসহ প্রয়োজনীয় নথির একটি প্যাকেট জমা দিতে হবে। যুক্তরাষ্ট্রের আদালত সেগুলো পর্যালোচনা ও অনুমোদন করার পরই সংশ্লিষ্ট দিল্লির আদালতগুলোতে নথি পাঠানোর ব্যবস্থা করবে।

পান্নুনের অভিযোগ, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাকে হত্যার ষড়যন্ত্রে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতা ছিল এবং অজিত দোভাল ওই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে তিনি ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলাটি করেছেন। মামলায় ভারত সরকার, দোভাল, সামন্ত গোয়েলসহ আরো কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

তবে ভারত সরকার পন্নুনের অভিযোগ ও মামলাকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে বলেছিলেন, ভারতে বিচারিক নথি পাঠানোর অনুরোধ দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ—আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই করতে হবে।

এ মামলায় যুক্তরাষ্ট্র সরকার কোনো পক্ষ নয়। একই ঘটনায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত ও সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যে ফৌজদারি কার্যক্রম চলছে, পন্নুনের ক্ষতিপূরণ চেয়ে করা দেওয়ানি মামলাটি তার থেকে আলাদা। এটি মূলত মামলার বিচারিক নথি বিবাদীদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াগত পদক্ষেপ।

সূত্র: দ্য টেলিগ্রাফ, পিটিআই, রেডিফ, টাইমস অব ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের আদেশ

ভাইরাল ভিডিও যেভাবে বদলে দিল ২ বছরের শিশুর জীবন

আগামী ৪ দশকে ভারত হবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ

ওড়িশার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, নিরাপদ আশ্রয়ে ৫০ হাজার মানুষ

ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আধুনিকায়নে ইসরাইল-ভারত চুক্তি

পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে বাংলাদেশে চলে যান, বিনা ভিসায় পাঠাব: দিলীপ ঘোষ

‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই বিলকিস বানোর ধর্ষকরা জামিনে মুক্ত’

বিশেষ সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার

গুজরাট দাঙ্গায় বিলকিস বানোকে ধর্ষণ ও পরিবারের ৭ সদস্য হত্যায় দণ্ডিত দুজনকে সুপ্রিম কোর্টের জামিন

চীনকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চুক্তি

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’