চলতি বছরের মে মাসে শেষ হওয়া ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি ৫২৯ কোটি রুপি ব্যয় করেছে। কেবল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্যই ব্যয় করা হয়েছে ২৮৬ কোটি রুপি। সম্প্রতি নির্বাচনি ব্যয়ের হিসাব দেশটির নির্বাচন কমিশনকে জানিয়েছে বিজেপি। সেখান থেকেই পাওয়া গেছে এই পরিসংখ্যান । খবর আনন্দবাজার অনলাইনের।
পশ্চিমবঙ্গের সঙ্গেই বিধানসভা ভোট হয়েছিল আসাম, তামিলনাড়ু, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। কমিশনের কাছে বিজেপির জমা দেওয়া হিসাব অনুযায়ী, আসামের জন্য বিজেপি ব্যয় করেছে ৯৬ দশমিক ২৬ কোটি রুপি, কেরালায় ব্যয় হয়েছে ৮২ দশমিক ৬৭ কোটি রুপি। তামিলনাড়ুর জন্য ৫১ দশমিক ৫৬ কোটি রুপি আর পুদুচেরির জন্য ১১ দশমিক ৮৯ কোটি রুপি খরচ করেছে পদ্মশিবির। সব মিলিয়ে খরচ ৫২৯ দশমিক ৩৮ কোটি রুপি।
পশ্চিমবঙ্গে ২০৭টি আসনে জিতে প্রথমবার রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। এই রাজ্যে দলের প্রচারের জন্য ২১৭ দশমিক ১৬ কোটি রুপি ব্যয় করেছে তারা। আর বিজেপি প্রার্থীদের জন্য ব্যয় হয়েছে ৬৯ দশমিক ৮৩ কোটি রুপি। প্রচারের ব্যয় মেটানোর জন্য প্রার্থীদের দেওয়া হয়েছে মোট ৫৮ দশমিক ৮০ কোটি রুপি।
পাঁচ রাজ্যের নির্বাচনি ব্যয়ের পর তাদের দলীয় তহবিলে সাত লাশ ৬৮৯ দশমিক ০৬ কোটি রুপি রয়েছে বলে জানিয়েছে বিজেপি।
আরএ