হোম > বিশ্ব > ভারত

আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

আমার দেশ অনলাইন

থালাপতি বিজয়। ছবি: এনডিটিভি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে ক্ষমতার কোনো সমান্তরাল কেন্দ্র থাকবে না।

চেন্নাইয়ে শপথগ্রহণ শেষে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।’

বিজয়ের এই মন্তব্যকে জোটসঙ্গীদের চাপমুক্ত থেকে স্বাধীনভাবে সরকার পরিচালনার একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিজয় নিজেকে জনগণের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘আমি নিজে কোনো ভুল করব না এবং আমার সঙ্গে থাকা কাউকেও ভুল করতে দেব না। যারা এই সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন, তারা সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।’

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে সহায়তার জন্য ডিএমকে জোটের শরিকদের ধন্যবাদ জানান বিজয়। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিনি ‘ভাই’ বলে সম্বোধন করেন। এছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কে সি ভেনুগোপাল, সিপিএম নেতা পি শানমুগাম, ভিসিকে নেতা থোল থিরুমাবালভান এবং সিপিআই নেতা এম বীরাপান্ডিয়ানসহ অন্য মিত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তামিলনাড়ুর জনগণের উদ্দেশে বিজয় বলেন, তিনি কোনো ফেরেশতা নন, বরং তাদের মতোই একজন সাধারণ মানুষ। তিনি বলেন, ‘আমরা যা দিতে পারব না, এমন কোনো প্রতিশ্রুতি আমি দেব না। তবে আমি বিশ্বাস করি, আপনাদের সঙ্গে নিয়ে আমরা সব করতে পারি। আমাকে কিছুটা সময় দিন, আমি ধীরে ধীরে সব প্রতিশ্রুতি পূরণ করব। জনগণের তহবিলের একটি পয়সাও আমি স্পর্শ করব না।’

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের সঙ্গে টিভিকের আরো ৯ জন নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রিসভার উল্লেখযোগ্য সদস্যের মধ্যে রয়েছেন এআইএডিএমকের অভিজ্ঞ নেতা কে এ সেনগোত্তাইয়ান, যিনি এর আগে এমজিআর ও জয়ললিতার সঙ্গে কাজ করেছেন। এছাড়া রয়েছেন বিজয়ের বিশ্বস্ত কৌশলবিদ আধব অর্জুন, বাগ্মী হিসেবে পরিচিত রাজ মোহন, দন্ত চিকিৎসক থেকে রাজনীতিবিদ হওয়া ড. টি কে প্রভু এবং মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য এস কীর্তনা।

জানা গেছে, কংগ্রেস, সিপিআই (এম), ভিসিকে এবং আইইউএমএল নেতারা যারা টিভিকে সরকারকে সমর্থন দিয়েছেন, তাদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার পর পরবর্তী পর্যায়ে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: এনডিটিভি

এএম

‘আমি অপমান ও ক্ষুধার কষ্ট বুঝি’

শপথ নিয়েই বিনা মূল্যে বিদ্যুৎ ও নারী নিরাপত্তার ঘোষণা বিজয়ের

‘আমি ফেরেশতা নই, সাধারণ মানুষ’

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

শুভেন্দুর পুরোনো ঘুস নেওয়ার ভিডিও ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ

অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মোদি বিরোধীদের এক মঞ্চে ডেকে যে বার্তা দিলেন মমতা

ভূমিকম্পে কেঁপে উঠল আসাম, বাংলাদেশেও কম্পন অনুভূত

মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় থালাপতি বিজয়