পাকিস্তানের হাতে আটক হওয়া অভিনন্দন বর্তমান নামের সেই পাইলট ভারতীয় বিমানবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন। ২০১৯ আকাশযুদ্ধে বিমান ভূপাতিত হয়ে তিন দিন পাকিস্তানের হেফাজতে থাকা ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) সাবেক ফাইটার পাইলট অভিনন্দন বর্তমান এবার নতুন পেশায় যোগ দিয়েছেন। ২২ বছর বিমানবাহিনীতে দায়িত্ব পালনের পর তিনি অকাল অবসর নিয়ে বেসরকারি এয়ারলাইনের বাণিজ্যিক পাইলট হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানা গেছে, সাবেক গ্রুপ ক্যাপ্টেন ও ‘বীর চক্র’ পদকপ্রাপ্ত অভিনন্দন গোয়াভিত্তিক আঞ্চলিক এয়ারলাইন এফএল৯১-এ পাইলট হিসেবে যোগ দিয়েছেন। তিনি আগস্টে এয়ারলাইনটিতে যোগ দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিনন্দন নিজে এখনো কোনো বক্তব্য দেননি। এফএল৯১-এর এক মুখপাত্রও কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
২০২৪ সালের মার্চে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করা এফএল৯১-এর বর্তমানে ছয়টি ATR 72-600 উড়োজাহাজ রয়েছে। গোয়া ও হায়দরাবাদে রয়েছে এয়ারলাইনটির দুটি ঘাঁটি।
২০১৯ সালের সেই আকাশযুদ্ধ
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হওয়ার পর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। নয়াদিল্লির দাবি ছিল, সেখানে জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হামলা চালানো হয়।
এর পরদিন পাকিস্তানি বিমানবাহিনী পাল্টা হামলা চালালে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,২৭ ফেব্রুয়ারি আকাশযুদ্ধে পাকিস্তানি একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ভারত। এরপর অভিনন্দনের মিগ-২১ বাইসন যুদ্ধবিমানও ভূপাতিত হয় এবং তিনি পাকিস্তানের ভূখণ্ডে অবতরণ করেন।
পাকিস্তান তাকে তিন দিন আটক রাখার পর ১ মার্চ রাতে ভারতের কাছে হস্তান্তর করে।
এমএমআর