পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ সন্ত্রাসী ও আফগান তালেবান সদস্য হত হয়েছেন। এ সময় এক পাকিস্তানি সেনাও নিহত হন । পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানায়।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ১০ অক্টোবর আফগানিস্তান থেকে একদল ‘ফিতনা আল খারিজি’ আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে অভিযান চালায়।
আইএসপিআর দাবি করে, অনুপ্রবেশের চেষ্টায় সহায়তা করতে আফগান তালেবানের সীমান্তবর্তী চৌকি থেকে গুলি চালানো হয়। তবে পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় ১২ জন খারিজি ও আফগান তালেবান সদস্য নিহত হন।
এ সময় তীব্র গোলাগুলির মধ্যে পাকিস্তানের এক সেনাসদস্যও নিহত হন। তিনি গিলগিট-বালতিস্তানের ঘিজার জেলার বাসিন্দা ছিলেন।
বিবৃতিতে আইএসপিআর দাবি করে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এ ঘটনা আবারও প্রমাণ করে যে আফগান তালেবান সরকার আফগান ভূখণ্ডে সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
এর দুই দিন আগে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক অভিযানে সাতজন খোয়ারিজ সন্ত্রাসী নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল আইএসপিআর।
সূত্র: জিও নিউজ
আরএ