পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, চলতি বছরের শুরুতে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য ইরানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের ঘটনা মধ্যপ্রাচ্যে একটি বড় সংকট সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন, এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো কূটনীতি।
মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় শাহবাজ শরীফ বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার অন্যতম সদস্য ইরান চলতি বছরের শুরুতে হামলার শিকার হয় এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হয়। এর ফলে ওই অঞ্চলে একটি বড় সংকট তৈরি হয়েছে।
শাহবাজ শরীফ বলেন, এই বড় আঞ্চলিক সংকটের কারণে পরিবহনপথগুলো বন্ধ বা বাধাগ্রস্ত হওয়ায় বৈশ্বিক জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাকিস্তানসহ অনেক দেশ এর নেতিবাচক পরিণতি ভোগ করছে।
তিনি বলেন, পাকিস্তান দৃঢ়ভাবে শান্তির পক্ষে এবং মধ্যস্থতা ও আন্তরিকভাবে সমঝোতা সহজতর করার ক্ষেত্রে নিজেদের ভূমিকা অব্যাহত রাখবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র টেকসই সমাধান হলো কূটনীতি। তিনি আরও বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে শাহবাজ শরিফ বলেন, চুক্তিটি স্বভাবতই প্রতিরক্ষামূলক। এটি কোনো দেশের বিরুদ্ধে নয় এবং কোনো ধরনের সংঘাত বা বিভাজনের উদ্দেশ্যে পরিকল্পিত হয়নি।
এদিকে গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণকে সহায়তার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা পূরণের আহ্বান জানান।