হোম > বিশ্ব > রাশিয়া

ইউক্রেনের ওলেশকিতে দুর্ভিক্ষের শঙ্কা, ভয়াবহ মানবিক সংকট

আমার দেশ অনলাইন

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ প্রায় বন্ধ, বাইরে বের হওয়ার পথ মাইন ও ড্রোন হামলায় বিপজ্জনক এবং শহর থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে। শহরটিতে এখন প্রায় ২ হাজার বেসামরিক মানুষ রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৪০ জন শিশু।

শহরটির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা বিভিন্ন বার্তা থেকে সেখানে খাদ্য সংকটের ভয়াবহ চিত্র উঠে এসেছে। কেউ জানিয়েছেন, ঘরে থাকা শেষ খাবার দিয়েই তারা কোনোভাবে দিন কাটাচ্ছেন। একজন বাসিন্দা জানিয়েছেন, সামান্য বিট, আলু, পেঁয়াজ, জুচিনি, টমেটো ও বার্লি দিয়ে শেষবারের মতো বোর্শ রান্না করেছেন। আরেকজন বলেছেন, শহরে কোনো ধরনের সরবরাহ নেই এবং চারদিকে ড্রোন ও আগুনের আতঙ্ক।

ওলেশকি খেরসন অঞ্চলে ডিনিপার নদীর তীরে অবস্থিত। রুশ বাহিনী ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই শহরটি দখল করে। একই বছরের নভেম্বরে ইউক্রেনীয় বাহিনী খেরসন শহর পুনর্দখল করলে রুশ সেনারা নদীর ওপারে ওলেশকিতে অবস্থান শক্তিশালী করে। এরপর শহরটি যুদ্ধের সম্মুখসারির একটি এলাকায় পরিণত হয়।

বছরের পর বছর শহরের বাসিন্দারা সংরক্ষিত খাবার, স্থানীয়ভাবে উৎপাদিত ফসল এবং অনানুষ্ঠানিকভাবে আসা খাদ্য সরবরাহের ওপর নির্ভর করে টিকে ছিলেন। কিন্তু চলতি বছর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। রাস্তায় মাইন পাতা এবং নিয়মিত ড্রোন হামলার কারণে খাদ্য নিয়ে গাড়ি প্রবেশ কিংবা মানুষকে বের করে আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খাদ্য সরবরাহের চেষ্টা করতে গিয়ে একটি গাড়ি মাইনে পড়ে কয়েকজন নিহত হওয়ার পর সড়কপথে সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়।

শহরের বাসিন্দারা জানিয়েছেন, অনেকে এখন দিনে মাত্র একবার খাবার খেতে পারছেন। আটা, মাংস, তেল, চিনি ও লবণের মতো মৌলিক খাদ্যপণ্যও নেই বলে জানিয়েছেন ওলেশকির নির্বাসিত মেয়র তেতিয়ানা হাসানেঙ্কো। কিছু বাসিন্দা পুরোনো শুকনো পাস্তা, নিজেদের বাড়ির আশপাশে জন্মানো সবজি এবং এমনকি ভোজ্য আগাছা খেয়ে জীবন ধারণ করছেন।

শুধু খাদ্য নয়, শহরের নাগরিক জীবনও প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে সেখানে বিদ্যুৎ, প্রবাহমান পানি, গ্যাস ও স্বাস্থ্যসেবা নেই বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা । রাস্তায় পড়ে থাকা মরদেহ সরিয়ে নেওয়ার ব্যবস্থাও অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অনাহারে থাকা কুকুর কখনো কখনো মরদেহের কাছে চলে যাচ্ছে।

২০২৩ সালে কাখোভকা বাঁধ ধ্বংসের পর ভয়াবহ বন্যায়ও ওলেশকি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরও শহরের মানুষ কোনোভাবে টিকে ছিলেন। কিন্তু বর্তমানে মাইন ও ড্রোনের কারণে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানো এবং বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া আরো কঠিন হয়ে গেছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা সংকটের জন্য রাশিয়াকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, রুশ বাহিনী শহরের বাসিন্দাদের বের হতে বাধা দিচ্ছে এবং খাদ্য সংগ্রহের চেষ্টা করা মানুষদের ওপর চাপ সৃষ্টি করছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনীয় পক্ষের দাবি, মানবিক সহায়তা ড্রোনের আগুনের মধ্য দিয়ে পৌঁছাতে হচ্ছে।

অন্যদিকে, ক্রেমলিন নিউইয়র্ক টাইমসকে দেওয়া বক্তব্যে ওলেশকিতে একটি ‘গুরুতর মানবিক বিপর্যয়’ থাকার কথা স্বীকার করলেও এর জন্য ইউক্রেনকে দায়ী করেছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভের দাবি, ইউক্রেনীয় বাহিনী মানুষকে শহর থেকে বের হতে বাধা দিচ্ছে এবং খাদ্য ও পানীয় জল সরবরাহে ড্রোন ব্যবহার করে বিঘ্ন সৃষ্টি করছে। ফলে সংকটের দায় নিয়ে দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণ বিপরীত।

এর মধ্যেই ইউক্রেন ড্রোনের মাধ্যমে ওলেশকিতে খাদ্য ও ওষুধ পৌঁছানোর চেষ্টা করছে। ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি আবারও ড্রোন ব্যবহার করে শহরে খাদ্য ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, স্থলপথে সরবরাহ কার্যত অসম্ভব হয়ে পড়ায় ড্রোনই এখন বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ওলেশকির পরিস্থিতি ইউক্রেন যুদ্ধের মানবিক সংকটের একটি ভয়াবহ দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের এই পর্যায়ে সামনের সারির একটি শহরে আটকে পড়া সাধারণ মানুষ খাদ্য, পানি, চিকিৎসা ও নিরাপত্তার সংকটে পড়েছেন। যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে কোনো কার্যকর মানবিক করিডোর প্রতিষ্ঠিত না হওয়ায় শহরটির অবশিষ্ট বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং নিয়মিত খাদ্য সরবরাহ নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও আল জাজিরা

রাশিয়ার সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়

জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর

বিদেশ ভ্রমণে সঙ্গে নগদ অর্থ নেওয়ায় বড় কড়াকড়ি পুতিনের

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুনে মৃত্যু ১৪

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের

নরক হয়ে উঠেছে ওলেশকি, ঘাস-আগাছা খেয়ে বেঁচে থাকার চেষ্টা

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা

খামেনি হত্যার ঘটনায় জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইসরাইলের তীব্র সমালোচনায় রাশিয়া