রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একাধিক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও শহরের বাসিন্দাদের মধ্যে তেমন আতঙ্ক দেখা যাচ্ছে না। তাদের বিশ্বাস, সেতু ক্ষতিগ্রস্ত হলেও ভেঙে পড়েনি; প্রয়োজন হলে মেরামত করে আবার চালু করা যাবে। ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।
গত মঙ্গলবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের নর্দার্ন ব্রিজের সড়কে বেশ কয়েকটি গর্ত তৈরি হয়। সেতুটি দিয়ে স্বাভাবিক সময়ে বহু লেনের যান চলাচল করলেও বর্তমানে কেবল গণপরিবহন চলাচলের অনুমতি রয়েছে। শহরের কেন্দ্রের দিকে যাওয়ার সময় বাসগুলোকে ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে একমাত্র সচল লেন ব্যবহার করতে হচ্ছে।
৬৫ বছর বয়সী বাসচালক মাইকোলা প্রতিদিন তার পুরোনো যাত্রীবাহী মিনিবাস নিয়ে এই সেতু পার হন ২০ থেকে ২৪ বার। সেতুর সড়কে গর্ত থাকার বিষয়ে তার তেমন উদ্বেগ নেই। তিনি বলেন, ‘সড়কে গর্ত থাকলে কী হয়েছে? সেতু তো ভেঙে পড়েনি। সেতু নির্মাণ সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার।’
মাইকোলার মতে, একটি সেতু পুরোপুরি ধ্বংস করা খুব কঠিন। এ জন্য বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে। একটি বা দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করলেই সব শেষ হয়ে যাবে, এমন নয়। তার এই আত্মবিশ্বাসের মধ্যেই মঙ্গলবারের হামলায় তৈরি হওয়া গর্তগুলো দুপুরের মধ্যে মেরামত করে ঢেকে দেওয়া হয়।
গত অক্টোবরের শুরু থেকে কিয়েভের বিদ্যুৎ, গরম পানি ও পানি সরবরাহব্যবস্থার পাশাপাশি সেতুগুলোতেও হামলা চালাচ্ছে রাশিয়া। এর লক্ষ্য, শহরের পশ্চিমাংশের কেন্দ্রীয় এলাকা থেকে পূর্বাংশকে বিচ্ছিন্ন করে দেওয়া। পূর্বাঞ্চলে মূলত নতুন আবাসিক এলাকা রয়েছে, যেখানে কিয়েভের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বসবাস করেন।
এ সপ্তাহেও শহরের সেতুগুলোতে দুই দফা হামলা চালানো হয়। মঙ্গলবারের হামলার পর বৃহস্পতিবার রাতে আবারও হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী কের্চ সড়কসেতুর ক্ষতিসাধনের জবাবে আরও ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
শুক্রবার পর্যন্ত কিয়েভের অন্য প্রধান সড়কসেতু সাউদার্ন ব্রিজ দিয়ে শুধু পূর্ব থেকে পশ্চিমমুখী যান চলাচলের অনুমতি ছিল। শুক্রবার ভোরে ক্ষতিগ্রস্ত নতুন পোদিলস্কি ব্রিজেও চলাচল সীমিত করা হয়। আগের রাতে হামলায় ছয়জন নিহত হওয়ার পর নগরীর মেয়র ভিতালি ক্লিচকো বাসিন্দাদের গাড়ি ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেন।
তবে নর্দার্ন ব্রিজ দিয়ে গণপরিবহন চলাচল অব্যাহত রয়েছে। সাইকেল ও স্কুটার চালক এবং পথচারীরাও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা উপেক্ষা করে সেতুটি পার হচ্ছেন। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে ডিনিপ্রো নদীর ওপর ভাসমান পন্টুন সেতু নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। এ ধরনের আটটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
কিয়েভের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কনস্ট্রাকশন অ্যান্ড আর্কিটেকচারের পরিবহন পরিকল্পনা বিশেষজ্ঞ দিমিত্রো বেসপালভ বলেন, নর্দার্ন ব্রিজের মতো ঝুলন্ত সেতু ধ্বংস করা সহজ নয়। এ ধরনের সেতুর কাঠামো শক্তিশালী এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের সুযোগও বেশি। সেতুর সড়কে গর্ত তৈরি হলেও এখন পর্যন্ত এর মূল ভারবহনকারী কাঠামোর ক্ষতি হয়নি।
তার ধারণা, রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল সেতুর মূল পাইলন বা ভারবহনকারী স্তম্ভ। তবে সেখানে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র আঘাত হানানো কঠিন। এ ধরনের হামলায় বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হতে পারে।
তবে বেসপালভ সতর্ক করে বলেন, রাশিয়া যদি কয়েক ডজন কিংবা কয়েক শ ক্ষেপণাস্ত্র দিয়ে সেতুগুলোতে হামলা চালায়, তাহলে কিয়েভ কৌশলগতভাবে ঝুঁকির মুখে পড়বে। যুদ্ধের আগেই শহরটিতে প্রয়োজনের তুলনায় সেতুর সংখ্যা কম ছিল। ২০২১ সালে টমটম ট্রাফিক সূচকে ইউরোপের সবচেয়ে যানজটপূর্ণ শহরগুলোর মধ্যে কিয়েভের অবস্থান ছিল তৃতীয়। এ তালিকায় কিয়েভের ওপরে ছিল ইস্তাম্বুল ও মস্কো।
বিকল্প হিসেবে নির্মাণের পরিকল্পনায় থাকা পন্টুন সেতু নিয়েও উদ্বেগ রয়েছে। এসব সেতু দিয়ে প্রচলিত সেতুর তুলনায় অনেক কম যানবাহন চলাচল করতে পারে। বেসপালভের হিসাব অনুযায়ী, বর্তমানে ব্যবহৃত সেতুগুলোর অর্ধেক সক্ষমতা পেতে অন্তত ২০টি পন্টুন সেতু প্রয়োজন হবে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিও এসব সেতুর ক্ষেত্রে বেশি। তাঁর মতে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সতর্কতা জারি থাকলে পন্টুন সেতু ব্যবহার করা কঠিন হবে। কারণ, হামলার মধ্যে যানবাহন নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বাসিন্দাদের অনেকে স্বাভাবিক চলাচল অব্যাহত রেখেছেন। পূর্বাঞ্চলের একটি বাসস্টপে ৪০ বছর বয়সী নাতালিয়া ও ৩৯ বছর বয়সী ইরিনা জানান, যুদ্ধের কারণে সৃষ্ট নানা সংকটের সঙ্গে তাঁরা অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন।
নাতালিয়া বলেন, প্রাথমিক অস্বস্তির পর বাড়িতে প্রথম ২৪ ঘণ্টা পার করতে পারলেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায়। ইরিনার মতে, হতাশ হয়ে পড়লে রাশিয়ার উদ্দেশ্যই সফল হবে। সেতু আবার নির্মাণ করা সম্ভব। হামলার সময় সেখানে বেসামরিক মানুষ কিংবা সেনাসদস্য না থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেতু কেবল কংক্রিটের কাঠামো—এটি মেরামত করা যাবে, প্রয়োজনে নতুন কিছু তৈরি করা হবে।
কিয়েভের অনেক বাসিন্দার মধ্যেই এমন মনোভাব দেখা যাচ্ছে। বিদ্যুৎ-সংকট ও উত্তাপের অভাবের মধ্যেই তাদের শীতের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। এর মধ্যে দিনের বেলাতেও হামলা হচ্ছে। বৃহস্পতিবার ডাচ দূতাবাসের কাছে একটি ড্রোন বিস্ফোরিত হয়। তবু সম্ভাব্য বিপর্যয় নিয়ে আগাম আতঙ্কিত না হয়ে সামনে আসা সমস্যার মোকাবিলা করতে চান তারা।
৪২ বছর বয়সী নির্মাণশ্রমিক ওলেক্সান্দর অবশ্য সেতুগুলো পুরোপুরি ধ্বংস হলে শহর ছাড়তে হতে পারে বলে স্বীকার করেন। সে ক্ষেত্রে তিনি ও তার স্ত্রী নদীর অপর পারে শ্বশুর-শাশুড়ির বাড়িতে চলে যাবেন। সেখানে আগে থেকেই একটি জেনারেটর ও নিজস্ব পানির কূপের ব্যবস্থা করে রেখেছেন তারা। যুদ্ধের সময়ই কূপটি খনন করা হয়েছিল। আগে বাড়িটিতে গ্যাসের চুলায় উত্তাপের ব্যবস্থা থাকলেও এখন তা কাঠ পোড়ানোর উপযোগী করা হয়েছে।
ওলেক্সান্দর বলেন, তারা আগাম প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ সেতু ধ্বংস হওয়ার আশঙ্কা উড়িয়ে না দিলেও বিকল্প ব্যবস্থা রাখছেন।
যুদ্ধের প্রতিদিনকার হামলা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং আসন্ন শীতের অনিশ্চয়তার মধ্যেও কিয়েভের বাসিন্দাদের বড় একটি অংশের মনোভাব—যা ঘটেনি, তা নিয়ে এখনই অতিরিক্ত দুশ্চিন্তা নয়; বরং পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়াই সবচেয়ে জরুরি।