হোম > বিশ্ব > রাশিয়া

মস্কোর কঠিন জীবনে মুসলিম ভ্রাতৃত্বের উষ্ণতা

আমার দেশ অনলাইন

রাশিয়ার রাজধানী মস্কোতে বসবাসের অভিজ্ঞতায় মধ্য এশিয়ার মুসলিম অভিবাসী ও স্থানীয় মুসলমানদের রয়েছে এক অনন্য মানবিক সম্পর্ক। কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান থেকে আসা অভিবাসীদের পাশাপাশি রাশিয়ার বিভিন্ন অঞ্চলের মুসলমানদের সঙ্গে তার গড়ে ওঠা সম্পর্ক তাকে বুঝিয়েছে—মানুষের প্রকৃত মূল্য সম্পদ দিয়ে নয়, বরং নৈতিকতা, মানবিকতা, বিশ্বাস ও ব্যক্তিত্ব দিয়ে নির্ধারিত হয়।

মস্কোতে থাকার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছিল লেখকের। তার অভিজ্ঞতায়, অনেক রুশ নাগরিক বিদেশিদের সঙ্গে দূরত্ব বজায় রাখেন। কারও কারও আচরণে সংকীর্ণতা ও শীতল মনোভাবও প্রকাশ পায়। তবে এই অভিজ্ঞতার বিপরীতে স্থানীয় মুসলমান এবং ইসলাম গ্রহণ করা রুশ নাগরিকদের কাছ থেকে পেয়েছেন আন্তরিকতা ও ভালোবাসা।

রাশিয়ার তাতারস্তান, দাগেস্তান, চেচনিয়া, ককেশাস, ইঙ্গুশেতিয়া ও চুভাশিয়ার মুসলমানদের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের মধ্যে তাতারস্তানের মুসলমানদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেছেন লেখক। মস্কোতে মুসলমানদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদ ও সমাবেশের ব্যবস্থা গড়ে তুলেছেন। এসব স্থানে কোরআন ও হাদিস শেখার সুযোগ রয়েছে। পাশাপাশি স্বল্প খরচে ধর্মীয় শিক্ষা এবং জুমার নামাজ আদায়ের ব্যবস্থাও রয়েছে।

মস্কোর সবচেয়ে বড় ও পরিচিত মসজিদটি লেখকের কাছে হয়ে উঠেছিল মুসলমানদের মিলনস্থল। সেখানে হিজাব পরা একজন মুসলিম নারী হিসেবে তাকে দেখে অনেকেই প্রথমে ‘আসসালামু আলাইকুম’ বলে অভ্যর্থনা জানাতেন। ধর্মীয় বিশ্বাস ও আন্তরিকতার বন্ধনে অচেনা মানুষগুলো ধীরে ধীরে তার আপনজন হয়ে ওঠেন। একপর্যায়ে তাদের সঙ্গে গড়ে ওঠে পরিবারের মতো সম্পর্ক।

বিশেষ করে মধ্য এশিয়ার অভিবাসী মুসলমানদের সঙ্গে পরিচয় লেখকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে। তাদের বড় একটি অংশ উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান থেকে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে কাজের সন্ধানে আসেন। তাঁদের জীবনযাপন, সংগ্রাম এবং প্রতিকূলতার মধ্যেও অন্যের প্রতি সহমর্মিতা লেখককে গভীরভাবে নাড়া দিয়েছে।

সংগ্রামময় অভিবাসী জীবন

মস্কোতে এসব অভিবাসীর জীবন মোটেও সহজ নয়। উপার্জনের জন্য তাদের নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কর্মস্থলে রুশ পুলিশের নিয়মিত অভিযান, দীর্ঘ ও কঠিন কর্মঘণ্টা, অনিরাপদ পরিবেশ এবং শারীরিকভাবে কষ্টসাধ্য কাজ তাদের নিত্যদিনের বাস্তবতা। তাদের অনেকেই এমন পেশায় নিয়োজিত, যেগুলোকে ‘থ্রি-ডি’ বা নোংরা, কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়। এসব কাজে দীর্ঘমেয়াদি পেশাগত উন্নতির সুযোগও সীমিত।

এর পাশাপাশি রয়েছে পরিবারের আর্থিক দায়িত্ব। মস্কোতে নিজের জীবন চালানোর পাশাপাশি দেশে থাকা স্বজনদের জন্যও তাদের নিয়মিত অর্থ পাঠাতে হয়। আরেকটি বড় চ্যালেঞ্জ রাশিয়ার তীব্র শীত। তুলনামূলক উষ্ণ আবহাওয়ার দেশ থেকে আসা এসব মানুষের জন্য মস্কোর কঠোর শীতের সঙ্গে মানিয়ে নেওয়াও কঠিন।

এত প্রতিকূলতার মধ্যেও তাদের মধ্যে যে উদারতা ও আন্তরিকতা লেখক দেখেছেন, তা তাকে মুগ্ধ করেছে। নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যেও তারা তাকে খাবার দিয়েছেন, সহযোগিতা করেছেন, স্নেহ দেখিয়েছেন এবং বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। নিজেদের জীবনেই নানা সংকট থাকা সত্ত্বেও তারা অন্যের প্রতি সহমর্মিতা দেখাতে কার্পণ্য করেননি।

মুসলমানদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে পবিত্র কোরআনের সূরা আনফালের ৬৩ নম্বর আয়াতের কথাও স্মরণ করেছেন লেখক। আয়াতটিতে বলা হয়েছে, মানুষের সব সম্পদ ব্যয় করেও হৃদয়ের মধ্যে এমন ভালোবাসা ও ঐক্য তৈরি করা সম্ভব নয়; আল্লাহই মানুষের অন্তরগুলোকে একত্র করেন। মস্কোর মুসলিম অভিবাসী ও স্থানীয় মুসলমানদের আচরণে তিনি এই শিক্ষার বাস্তব প্রতিফলন দেখেছেন।

এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.) মুমিনদের পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসাকে একটি মানবদেহের সঙ্গে তুলনা করেছেন। সহিহ বুখারিতে বর্ণিত হাদিসে বলা হয়েছে, শরীরের একটি অঙ্গ ব্যথিত হলে পুরো শরীর জেগে ওঠে এবং জ্বরে আক্রান্ত হয়। মুসলমানদের একে অপরের প্রতি দায়িত্ব ও সহানুভূতির বিষয়টি বোঝাতে এই উপমা দেওয়া হয়েছে।

মস্কোর মুসলমানেরা নিজেদের জীবনসংগ্রামের মধ্যেও এই ভ্রাতৃত্ববোধের পরিচয় দিয়েছেন। তাদের কাছে তিনি নিজেকে বহিরাগত বা অপরিচিত মনে করেননি; বরং পেয়েছেন আপনজনের মতো গ্রহণযোগ্যতা। তাদের ভালোবাসা তাকে অনুভব করিয়েছে—তিনি তাদের কাছে কাঙ্ক্ষিত, স্বাগত ও ভালোবাসার মানুষ।

মানুষের মর্যাদা নির্ধারণের মাপকাঠি তার অর্থ-সম্পদ নয়। বরং তার চরিত্র, ব্যক্তিত্ব, নৈতিকতা, মানবিকতা এবং ধর্মীয় মূল্যবোধই প্রকৃত পরিচয়। মস্কোর কঠিন বাস্তবতায় মধ্য এশিয়ার মুসলিম অভিবাসী ও স্থানীয় মুসলমানদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সহযোগিতা তাকে সেই শিক্ষাই দিয়েছে।

ইসলাম ও ঈমান মানুষের হৃদয়কে একসূত্রে বাঁধতে পারে। জীবনের নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও মস্কোর মুসলমানেরা তাঁদের আচরণে সেই ঐক্য, উদারতা ও মানবিকতার দৃষ্টান্ত তুলে ধরেছেন।

সূত্র: অস্ট্রেলেশিয়ান মুসলিম টাইমস (এএমইউএসটি)

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

যুদ্ধের প্রস্তুতি এস্তোনিয়ার, রুশ সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা

ইউরোপের নেতারা রাজনৈতিক আত্মনিপীড়ক: লাভরভ

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকর

রাশিয়াকে কখনোই হারাতে পারবে না ইউরোপ

ইউক্রেন যুদ্ধে ‘স্টারশিল্ড’ কেন এত গুরুত্বপূর্ণ

ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

রাশিয়ার ৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইউক্রেনের