ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া নতুন করে অন্তত ৩ লাখ সেনা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। আগামী সেপ্টেম্বরের রুশ পার্লামেন্ট নির্বাচনের পর এই সেনা সমাবেশ শুরু হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া বিপুলসংখ্যক নতুন সেনা নিয়োগের পরিকল্পনা করছে। তাঁর মতে, ২০২৭ সালে রাশিয়া আরও প্রায় ৫ লাখ সেনা সংগ্রহের চেষ্টা করতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, রাশিয়া বর্তমানে দোনেৎস্কসহ পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তবে ব্যাপক সেনা ও সরঞ্জাম ক্ষয়ক্ষতির পরও রুশ বাহিনী বড় ধরনের ভূখণ্ড দখল করতে পারেনি।
জেলেনস্কি আরও জানান, রাশিয়া ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। একই সময়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে। শীত মৌসুমে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ পরিস্থিতিতে ইউক্রেনের জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ফ্রান্স ও জার্মানির সঙ্গে এ বিষয়ে চুক্তির কথাও তিনি জানিয়েছেন।
তবে রাশিয়া নতুন করে ৩ লাখ সেনা সমাবেশের যে পরিকল্পনা করছে বলে জেলেনস্কি দাবি করেছেন, এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন, রয়টার্স ও ট্রিবিউন ইন্ডিয়া