পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দিলে এবং সেখানকার ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করা হলে ইসরাইলের ২৭ কূটনীতিককে পরিবারসহ যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে ইসরাইলকে সতর্ক করেছে ব্রিটিশ সরকার।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। সূত্রগুলো জানিয়েছে, ইসরাইল যদি পূর্ব জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেয় এবং ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করে, তাহলে পাল্টা পদক্ষেপ হিসেবে ২৭ ইসরাইলি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার প্রস্তুতি রয়েছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর-এর নির্দেশের পর আগামী ৮ অক্টোবর কনস্যুলেটটি বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে। পশ্চিম তীরে ইসরাইলের বিরুদ্ধে যুক্তরাজ্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতেই কনস্যুলেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে কনস্যুলেটটি বন্ধ হওয়া ঠেকাতে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল গত সপ্তাহে গোপনে ইসরাইল সফর করেছেন। রয়টার্সকে বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সরকার তার সফরের বিষয়টি প্রকাশ্যে জানায়নি।
সূত্রগুলো জানায়, ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পাওয়েল কনস্যুলেটটি খোলা রাখার বিষয়ে আলোচনা করেন। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।
পশ্চিম তীরে ইসরাইলের কর্মকাণ্ডের কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগ তুলে ব্রিটেন সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বলতে ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে বোঝায়।
ব্রিটিশ সরকারের ভাষ্য অনুযায়ী, ইসরাইল সরকারের সমর্থনে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থী ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলা বেড়ে যাওয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে। ব্রিটিশ নিষেধাজ্ঞাগুলো আগামী বছর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় অবস্থিত ব্রিটিশ কনস্যুলেটটি শহরটির ফিলিস্তিনি জনগোষ্ঠী, পশ্চিম তীর ও গাজার সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি কনস্যুলেটটি ফিলিস্তিনিদের বিভিন্ন কনস্যুলার সেবাও দিয়ে থাকে।
তবে কনস্যুলেট বন্ধের বিষয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর ব্রিটেনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি ব্রিটিশ নিষেধাজ্ঞাকে ‘নৈতিকভাবে বিকৃত’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি ইসরাইলের প্রতি বৈরী মনোভাব পোষণ করছে এবং আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ইসরাইলের সাধারণ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
এআরবি