হোম > বিশ্ব > যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের দুই সংসদ সদস্য রুশনারা আলী ও জেরেমি হান্ট। ছবি-সংগৃহীত

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় কার্যকর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের দুই সংসদ সদস্য রুশনারা আলী ও জেরেমি হান্ট।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়কে কাজে লাগিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীসহ মিয়ানমারের সব মানুষের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। মিয়ানমারের সামরিক বাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন।

রুশনারা আলী ও জেরেমি হান্ট যুক্তরাজ্যের পার্লামেন্টের মিয়ানমারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সহসভাপতি। তাদের বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও নাগরিকত্ব অস্বীকার করার পাশাপাশি তাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও দীর্ঘদিন অস্বীকার করে আসছে মিয়ানমার। আন্তর্জাতিক বিচার আদালতের রায় এসব নির্যাতনের শিকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

জাতিসংঘে প্রস্তাব আনার দাবি

বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনী ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান করেছে। ফলে শুধু রায় ঘোষণায় থেমে থাকলে চলবে না, এটি কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হতে হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক দায়িত্বপ্রাপ্ত দেশ (পেনহোল্ডার) হিসেবে যুক্তরাজ্যকে জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদের অধীনে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনতে হবে। এর মাধ্যমে আদালতের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের পথ তৈরি করতে হবে বলে মনে করেন তারা।

মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান

মিয়ানমারের সামরিক বাহিনীর অর্থ ও অস্ত্রের সরবরাহ বন্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ কারণে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে নিয়মিত নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আবারও জোরদার করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দুই এমপি।

তাদের মতে, মিত্র দেশগুলো মিয়ানমারের ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাজ্যকেও পদক্ষেপ নিতে হবে। নিষেধাজ্ঞার আওতায় জেট ফুয়েল খাত, সামরিক মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান মাইটেল, অস্ত্র কেনাকাটায় ব্যবহৃত রাষ্ট্রীয় ব্যাংক এবং সামরিক সরঞ্জাম কেনায় সহায়তাকারী মিয়ানমারের ধনকুবেরদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

এ ছাড়া দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস তেল ও গ্যাস উত্তোলন খাতেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। এ খাতে ব্রিটিশ কোম্পানিগুলোর সম্পৃক্ততা বন্ধ করাও জরুরি বলে মনে করেন তারা।

রোহিঙ্গাবিরোধী বিদ্বেষ ও হামলার আশঙ্কা

বিবৃতিতে মিয়ানমারের সামরিক শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রোহিঙ্গাবিরোধী বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সামরিক সরকার জাতীয়তাবাদীদের রোহিঙ্গাবিরোধী সমাবেশ করার সুযোগ দিচ্ছে এবং দেশজুড়ে রোহিঙ্গাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে।

মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরাসরি কিংবা অন্য কোনো গোষ্ঠীকে ব্যবহার করে মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতা চালানোর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বাড়তি সহায়তা দাবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ এই দুই সংসদ সদস্য। তারা বলেন, গণহত্যা থেকে বেঁচে আসা এসব মানুষের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে তাদের দুর্ভোগ আরো বেড়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।

বিবৃতির শেষাংশে রুশনারা আলী ও জেরেমি হান্ট বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে একটি আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটেছে। তবে এখন থেকেই মিয়ানমারের সামরিক বাহিনীকে তাদের অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতে নতুন করে আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু করতে হবে।

পাশাপাশি মিয়ানমারের জনগণকে ভবিষ্যতে আরো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে রক্ষা করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ব্রিটিশ পার্লামেন্টে ইসরাইলপন্থি গ্রুপের অর্থায়নের তদন্ত দাবি

ব্রেক্সিটের ব্যর্থতা স্বীকার, ইইউর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাজ্য

মুসলমানদের নিয়ে পশ্চিমা ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না: লরেন বুথ

তুরস্কের ঐতিহাসিক মসজিদে নামাজ শেষে জুম্মা মোবারক জানালেন লন্ডনের মেয়র

যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে ব্রিটেন, জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বাড়ছে

যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক রাফিয়া আরশাদ আদর্শে আপসহীন

বিয়ে ও মাতৃত্বকে অবহেলা করতে শিখিয়ে পুরো প্রজন্মকেই হতাশ করেছে নারীবাদ: পেট্রোনেলা ওয়াট

মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

ইংরেজি কোরআন অনুবাদে ইতিহাস গড়েন মারমাডিউক পিকথল