হোম > বিশ্ব > যুক্তরাজ্য

ব্রিটিশ পার্লামেন্টে ইসরাইলপন্থি গ্রুপের অর্থায়নের তদন্ত দাবি

আমার দেশ অনলাইন

টেমস নদীর তীরে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ ইতিহাসের এক অনন্য নিদর্শন—ওয়েস্টমিন্‌স্টার প্রাসাদ। যেটি যুক্তরাজ্যের পার্লামেন্টের মূল কেন্দ্র ও লন্ডনের অন্যতম প্রধান আকর্ষণ। ছবি-সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্টের ইসরাইলপন্থি সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) অর্থায়ন নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন দেশটির স্বতন্ত্র সংসদ সদস্য ইকবাল মোহাম্মদ। গ্রুপটির অর্থের উৎস এবং অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন ইসরাইলের (এপিপিজি) অর্থায়নের সঙ্গে ইসরাইলি একটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে পার্লামেন্টে।

অর্থের উৎস নিয়ে প্রশ্ন

এপিপিজি অন ইসরাইলকে অর্থায়ন করে আসছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিডারসোক লিমিটেড। প্রতিষ্ঠানটির দুই পরিচালক হলেন লর্ড মেন্ডেলসন ও লর্ড পোলাক। মেন্ডেলসন লেবার ফ্রেন্ডস অব ইসরাইলের সাবেক চেয়ারম্যান এবং পোলাক কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরাইলের সাবেক পরিচালক।

তেল আবিবভিত্তিক প্রতিষ্ঠান সিডার্স ওক ইসরাইল লিমিটেড ২০২৪ সালে সিডারসোককে ১ লাখ ৪৭ হাজার ৬৮৭ পাউন্ড ফেরত দেওয়ার কথা ছিল। মূলত বিভিন্ন প্রতিনিধিদলের সফর ও প্রকল্পের ব্যয় বাবদ যুক্তরাজ্যের প্রতিষ্ঠানটি যে অর্থ খরচ করেছিল, তা পরিশোধের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়।

ইসরাইলি প্রতিষ্ঠানটির ২০২৪ সালের আর্থিক নথি অনুযায়ী, ওই বছর তাদের একমাত্র অর্থদাতা ছিল জিব্রাল্টারভিত্তিক ট্রাস্ট প্রতিষ্ঠান লাইন ট্রাস্ট করপোরেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি ওই বছর ১ লাখ ৬২ হাজার ৫০০ পাউন্ডের সমপরিমাণ অর্থ দেয়। তবে লাইন ট্রাস্টের অর্থের প্রকৃত উৎস কে বা কারা, তা এখনো স্পষ্ট নয়।

পার্লামেন্টে ইসরাইলপন্থি অবস্থান তৈরির লক্ষ্য

সিডার্স ওক ইসরাইল তাদের নিবন্ধন সংক্রান্ত নথিতে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার ধারা প্রভাবিত করার কথা উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাজ্যে জনমত ও নীতিনির্ধারণী আলোচনায় ইসরাইল-সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রভাব বিস্তার করাও তাদের কার্যক্রমের অংশ।

প্রতিষ্ঠানটির ২০২৪ সালের প্রতিবেদনে হামাস, ইহুদিবিদ্বেষ, ইরান, নিষেধাজ্ঞা এবং অন্যান্য বিষয়ে ব্রিটিশ জনমত ও নীতিকে প্রভাবিত করার প্রচেষ্টার কথা উল্লেখ রয়েছে।

এপিপিজি অন ইসরাইল বিভিন্ন সময়ে ইসরাইল-সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৪ সালে ৭ অক্টোবরের হামলা নিয়ে প্রকাশিত তাদের একটি প্রতিবেদন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশংসা করেছিলেন। প্রতিবেদনটির প্রকাশনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত তৎকালীন ইসরাইলি রাষ্ট্রদূত তজিপি হোতোভেলিও এর প্রশংসা করেন।

তদন্তের দাবি ইকবাল মোহাম্মদের

স্বতন্ত্র এমপি ইকবাল মোহাম্মদ পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারকে লেখা চিঠিতে বলেছেন, এপিপিজির অর্থায়নের প্রকৃত উৎস যথাযথভাবে প্রকাশ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তার অভিযোগ, সিডারসোক লিমিটেডকে অর্থদাতা হিসেবে দেখানো হলেও এর পেছনে থাকা লাইন ট্রাস্ট করপোরেশন বা প্রতিষ্ঠানটির অর্থের প্রকৃত উৎস প্রকাশ করা হয়নি। এতে পার্লামেন্টের অর্থায়ন সংক্রান্ত স্বচ্ছতার বিধি লঙ্ঘিত হয়ে থাকতে পারে।

মোহাম্মদ জানতে চেয়েছেন, এপিপিজি অর্থায়নের প্রকৃত উৎস গোপন করেছে কি না, বিদেশি সরকারের অর্থায়নসংক্রান্ত বিধি মানা হয়েছে কি না এবং গ্রুপটি বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদন ও বিদেশি অর্থায়ন যাচাইসংক্রান্ত ঘোষণা প্রকাশ করেছে কি না।

তিনি বলেন, অর্থায়ন ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিদেশি অর্থ কিংবা অস্বচ্ছ অর্থায়নব্যবস্থার কোনো স্থান ব্রিটিশ রাজনীতিতে থাকা উচিত নয়—অর্থের উৎস যে দেশ বা পক্ষই হোক না কেন। জনগণের জানার অধিকার রয়েছে, পার্লামেন্ট-সংশ্লিষ্ট কার্যক্রমের অর্থ কে জোগাচ্ছে।

বিধি লঙ্ঘনের অভিযোগ, জবাব মেলেনি

ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সর্বদলীয় সংসদীয় গ্রুপগুলোকে কোনো সুবিধা বা কার্যক্রমের অর্থায়নে শেষ পর্যন্ত যে তৃতীয় পক্ষ অর্থ দিয়েছে, তার নাম প্রকাশ করতে হয়। বিদেশি সরকার সরাসরি বা পরোক্ষভাবে এসব গ্রুপের সচিবালয়ের অর্থায়ন করতে পারে না।

২০১৫ সাল থেকে সিডারসোকের কাছ থেকে এপিপিজি অন ইসরায়েল অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ পাউন্ডের সুবিধা পেয়েছে। তবে অর্থের চূড়ান্ত উৎস সম্পর্কে পার্লামেন্টের নথিতে শুধু সিডারসোকের নাম রয়েছে।

এ ছাড়া গ্রুপটির বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদন ও বিদেশি সরকার থেকে অর্থায়ন হচ্ছে কি না, তা যাচাইসংক্রান্ত ঘোষণা প্রকাশের বিষয়েও প্রশ্ন ওঠেছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি।

এদিকে, গত সপ্তাহে ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টিনিয়ানস (আইসিজেপি) বলেছে, এসব তথ্য ব্রিটিশ পার্লামেন্টে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমের অর্থায়ন, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার হাতে—তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: মিডল ইস্ট আই, এপিপিজি অন ইসরাইল ও বাইলাইন টাইমস

ব্রেক্সিটের ব্যর্থতা স্বীকার, ইইউর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাজ্য

মুসলমানদের নিয়ে পশ্চিমা ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না: লরেন বুথ

তুরস্কের ঐতিহাসিক মসজিদে নামাজ শেষে জুম্মা মোবারক জানালেন লন্ডনের মেয়র

যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে ব্রিটেন, জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বাড়ছে

যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক রাফিয়া আরশাদ আদর্শে আপসহীন

বিয়ে ও মাতৃত্বকে অবহেলা করতে শিখিয়ে পুরো প্রজন্মকেই হতাশ করেছে নারীবাদ: পেট্রোনেলা ওয়াট

মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

ইংরেজি কোরআন অনুবাদে ইতিহাস গড়েন মারমাডিউক পিকথল

ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন