হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম সড়কে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের চাপায় মিতু আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মিতু আক্তার পিয়াইম গ্রামের বিলাল মিয়ার মেয়ে এবং পিয়াইম নাছির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর এলাকা থেকে বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস নাসিরনগর উপজেলার গন্না গ্রামের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে মাধবপুর উপজেলার পিয়াইম সড়কের ওই স্থানে পৌঁছালে চালক অপর একটি মাইক্রোবাসকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মিতু আক্তারকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মিতুর মৃত্যু হয়।
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।
ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ নানু মিয়া বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

