গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি

গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে চালানো এ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে সাতটি মোবাইল ফোন।

বিজ্ঞাপন

সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলো গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী হিসেবে ১৪ জনকে চিহ্নিত করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার সব থানায় একযোগে অভিযান চলে। এতে যৌথ বাহিনীর চারটি দল অংশ নেয়, যার প্রতিটিতে ছিলেন ৪৫ জন সদস্য। রিজার্ভ সদস্যসহ অভিযানে মোট ৩১৫ জন অংশ নেন। সাম্প্রতিক নাশকতায় নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট তথ্য থাকা ওই ১৪ জনকে ধরতে ১৫টির বেশি স্থানে অভিযান চালানো হয়। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ফারুক মোল্লা ও অসিকুল সরদারকে সদর উপজেলার সুকতাইল গ্রাম থেকে আটক করা হয়। ফারুক মোল্লা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সদর থানা আওয়ামী লীগের সভাপতি লেকু কাজী ও সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্প্রতি গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া বিভিন্ন মিছিল-সমাবেশে সুকতাইল ইউনিয়ন থেকে ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী জড়ো করার অভিযোগও আছে।

অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন এবং নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় শফিউল আলম ও কাইয়ুম শেখকে। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের ছেলে। নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, নেতাকর্মীদের সংগঠিত করা ও কর্মসূচি আয়োজনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তার চারজনের কাছ থেকে জব্দ করা সাতটি মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...