নড়াইলে গ্রাম্য শালিস বৈঠকে গিয়ে মো. আব্দুর রহিম নামে এক জামায়াত নেতা সশস্ত্র হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় সদর থানায় একটি এজাহার দেয়া হলেও নথিভুক্ত করা হয়নি বলে অভিযোগে পাওয়া গেছে।
ডুমুরতলা গ্রামের ঈদগাহপাড়ার আশিক মোল্যা ও তার ভাই রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য বিবাদমান দু'পক্ষ জামায়াত নেতা আব্দুর রহিমের স্মরণাপন্ন হন।
বৃহস্পতিবার সকালে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বসানো হয়। শালিসের একপর্যায়ে দুই পক্ষের উত্তেজনা থামাতে গিয়ে আব্দুর রহিম হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে তাকে গুরুতর আহত করা হয়।
এ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, আহতের পক্ষে এ সংক্রান্ত একটি এজাহার দেয়া হলেও সেখানে অভিযুক্তের নাম উল্লেখ করা হয়নি। ত্রুটিপূর্ণ এজাহারটি সংশোধন করে মামলায় দায়েরে বিলম্ব হচ্ছে। এ অবস্থায় কাউকে আটক করাও যায়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

