গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
ফাইল ছবি

গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকার ‘ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২’-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন—আহাদ (১৯), আবদুল্লাহ (১৮), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)। তাদের মধ্যে আহাদের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হিরন মিয়া জানান, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ‘ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২’-এর সিলিন্ডারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং রাত সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নেভানো হয়। গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, নাওজোড় এলাকার সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো জানান, দগ্ধদের মধ্যে আহাদের শরীরের ৫৫ শতাংশ, আবদুল্লাহর ২০ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ ও নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে। আহাদ, আবদুল্লাহ ও আশরাফুলকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে, যার মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন