শান্ত গাজীপুর, কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা

শান্ত গাজীপুর, কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা

গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে সপ্তাহখানেক ধরে চলা আন্দোলনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে কিছু কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। এ দাবিতে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন স্থানে যানবাহন, মার্কেট ও পুলিশ বক্সে অগ্নিসংযোগসহ ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে।

এদিকে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছেন বিজিবির ২৫ প্লাটুন সদস্য ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মহাসড়ক ও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শ্রমিকেরা বলেন, ‘গত কয়েক দিন কারখানায় কাজে যোগ দিতে পাররিনি। কারখানার সামনে আসার আগেই আন্দোলন দেখে আমরা চলে যেতাম। আজকে সকাল থেকে আন্দোলন হচ্ছে না, তাই কারখানায় প্রবেশ করতাছি।’

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন