আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধান আসামি গ্রেপ্তার

গঙ্গাচড়ায় আখেরুল হত্যা মামলার রহস্য উন্মোচন

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

গঙ্গাচড়ায় আখেরুল হত্যা মামলার রহস্য উন্মোচন
ছবি : আমার দেশ

রংপুরের গঙ্গাচড়ায় আলোচিত আখেরুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি আব্দুল বাতেন (৪০)কে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গঙ্গাচড়া মডেল থানার সমন্বয়ে গঠিত একটি দল বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাতেন গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভূটকা ঈদগা মাঠ এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে আখেরুল ইসলাম ওরফে আখের মালিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে পথের পাশে বাঁশঝাড়ে ওত পেতে থাকা আব্দুল বাতেন তার ওপর হামলা চালান বলে অভিযোগ।

কোমরে লুকিয়ে রাখা লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে আখেরুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে আরও কয়েকটি আঘাতে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের ভাই আক্তারুল বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দায়ের হলেও পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় মূল আসামিকে শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার বাতেনকে ঢাকা থেকে রংপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, জেলার বিভিন্ন জটিল ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...