দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই

দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই
দুই পুলিশ সদস্যের মাঝে গ্রেপ্তার শাহীন মিয়া

হবিগঞ্জের নবীগঞ্জে দেনমোহরের টাকা চাওয়ায় ছোট বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাইকে সোমবার নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেনের দিকনির্দেশনা ও নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট থেকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে শাবানা বেগম (২৩) দেনমোহর বাবদ ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার (২৬) কাছে আমানত হিসেবে রেখেছিলেন। সম্প্রতি আমানতের এ টাকা চাওয়াকে কেন্দ্র করে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন রাজমিস্ত্রি শাহীন। বাড়িতে এসে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহীন শাবানাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে শাহানার মৃত্যু হয়।

২৯ আগস্ট শনিবার এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আসামি শাহীন পলাতক ছিলেন। তাকে আইনের আওতায় আনতে পুলিশ টানা অভিযান পরিচালনা শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে পরিচালিত এক সফল অভিযানে শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, বোন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এদিকে, শাবানা বেগমের মা বাদী হয়ে আদালতে মেয়ের কথিত স্বামী আলাউদ্দিনসহ একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন