ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পাওয়ায় কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন-কে ঘিরে কুমিল্লাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেশ-বিদেশে অবস্থানরত অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন স্পিকারের আসন খালি রেখে শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদদের স্মরণ করেন।
এরপর অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ ও সরকারি দলের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের আরেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের-ও ওই প্রস্তাবের প্রতি সমর্থন জানান।
সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বিদায়ি সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে। পরে তাঁদের তত্ত্বাবধানেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে এবারের অধিবেশনে সেই প্রচলিত নিয়মের ব্যতিক্রম দেখা গেছে।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ায় দাউদকান্দি-মেঘনাসহ পুরো কুমিল্লায় আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন এবং এটিকে দাউদকান্দি–মেঘনা তথা কুমিল্লার জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

