সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও আন্তর্জাতিক বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়াও তিনি সীমান্তে কথিত পুশইন চেষ্টার প্রেক্ষাপটে সীমান্ত রক্ষায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান জানান।
বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তবর্তী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা ধরনের নিরাপত্তা সংকটের মধ্যে বসবাস করছে। সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সীমান্ত রক্ষার প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিজিবির পাশাপাশি সীমান্তবাসীকেও সতর্ক থাকতে হবে।
পুশইন চেষ্টার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করে। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

