চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দর্শনা থানা যুবদল নেতা গ্রেপ্তার


চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দর্শনা থানা যুবদল নেতা গ্রেপ্তার
যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম। ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সদর উপজেলার ছয়ঘরিয়া মাঝেরপাড়া গ্রামের খেদের মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বলদিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে শামীমকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শামীম দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া শেষে ভ্রাম্যমাণ আদালতে সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়। আদালত আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন