বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম নিষিদ্ধ পরিপূর্ণ সমাধান নয়। আগামী জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রেখে জনগণই ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে চুড়ান্তভাবে নিষিদ্ধ করবে।
রোববার বিকেল ৪টায় বরিশাল সদর উপজেলার বিশ্বাসের হাট ও বুখাইনগর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।
জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, অতীতেও জিয়া পিরিবার ও বিএনপিকে নিশ্চিহ্ন করার অনেক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখনও যারা ষড়যন্ত্র করছে তাদেরকে জনগণকে সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
রহমাতুল্লাহ বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের মোকাবেলায় বিএনপির সব নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান রহমাতুল্লাহ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ কে এম আব্দুস সালাম রাঢ়ি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল আমিন হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেয়ামতুল্লাহ্, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রিফাত, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুবেল, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

